Image description

নাটোরে তুচ্ছ ঘটনার জেরে ছেলের সামনে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে শহরের কান্দিভিটা এলাকার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (৫০) একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত মাহমুদ কাউসারকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলের বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে সোমবার রাতে কদমতলা মোড় এলাকায় প্রতিপক্ষের কয়েকজন আবুল কালাম ও তার ছেলের ওপর হামলা চালায়। হামলার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

এ সময় স্থানীয় এলাকার আলামিন, হামজা, ইমনসহ ১০-১২ জন যুবক তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালাতে দেখে। হামলাকারীরা মারধর করার একপর্যায়ে আবুল কালাম আজাদকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত ১টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত মাহমুদ কাউসারকে রাত পৌনে ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।