Image description

বরিশাল নগরীতে অবস্থিত অপসোনিন ফার্মাসিউটিক্যালস (Opsonin Pharma Ltd.) এর গ্লোবাল ক্যাপসুল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা দিলে কারখানার কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ভেতরে প্রবেশ করে বিভিন্ন দিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে স্তূপ করে রাখা দাহ্য পদার্থের কারণে পুরোপুরি আগুন নেভাতে কিছুটা সময় লাগবে বলে জানান তারা।

বরিশাল সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, কারখানার বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেখানে প্রচুর পরিমাণ কাঠের গুঁড়ি মজুত করে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই কাঠের গুঁড়িতে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাঠের গুঁড়ি সহজে দাহ্য হওয়ায় ভেতরে ভেতরে আগুন জ্বলতে থাকতে পারে, তাই সম্পূর্ণভাবে আগুন নিভে গেছে কিনা তা নিশ্চিত করতে এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।