Image description

ফের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় ২০২৪ সালের ৬ আগস্ট তাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়। তবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২০২৫ সালের ২৫ এপ্রিল তাকে অপসরণ করা হয়।

 

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান, বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সের (আইসিএমআইইই) অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি ডিগ্রি নিয়েছেন। ড. মাছুদ নাসা ফান্ডেড অ্যারোস্পেস সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠদান করিয়েছেন।

 
 

 

অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৬ আগস্ট প্রথম দফায় অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ভিসি হিসেবে নিয়োগ দেয়। ছাত্ররাজনীতি নিয়ে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে পাঁচ মাস ধরে চলে কুয়েটে অচলাবস্থা। শিক্ষার্থীদের একদফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার।