Image description

ভোট সুন্দর হলে আপত্তিগুলো ভোট হয়ে যাওয়ার পরে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

সোমবার (১৬ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, ভোটকেন্দ্রে কাউকে বাধা দেওয়া, তাড়িয়ে দেওয়া কিংবা কোনো ধরনের কারচুপির অভিযোগ পাইনি ইসি। জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা পালন করতে পেরেছি। তবে অতীত আমরা দেখেছি, সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে।

 

তিনি বলেন, এবার নির্বাচন আমার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি, তারা কেউ বলতে পারেনি যে, আমি আমার ভোট দিতে পারিনি।

 

নাসির উদ্দিন বলেন, সবাই মিলে আমরা যে নির্বাচন করেছি, এ জন্য আমি আনন্দিত। আমি আনন্দিত এ জন্য যে, জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি।

 

তিনি বলেন, এবার নির্বাচনে অনেক নারী ভোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে খাটো করে দেখানো হয়। এ অপপ্রচার বন্ধ করতে হবে। যখন আমরা আরও সভ্যতার দিকে এগিয়ে যাব, এটা আস্তে আস্তে কমে আসবে।

 

সিইসি বলেন, নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবে আমরা ততই উন্নয়ন করব। নারী উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।