Image description

ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাংলাদেশে ছুটিতে আসা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে কয়েকটি দেশের মেয়াদ বৃদ্ধির জন্য অনলাইনে বা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে এবং এ মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহ নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে:

১. সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন হতে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে হবে।

২. কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যে সকল ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, এমন সকল এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করেছে। সংশ্লিষ্ট সবার অবগতি ও কার্যার্থে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।