নাটোরের লালপুরে নিঝুম নামের এক মাস বয়সী কন্যা শিশুকে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত তরুণী। মানবিকতার সুযোগ নিয়ে বাড়িতে আশ্রয় চাওয়া ওই তরুণী সুযোগ বুঝে কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীননগর এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া নবজাতক শিশুটি নবীননগর গ্রামের অটোভ্যানচালক লালন উদ্দিন লালুর কন্যা সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লালুর স্ত্রী বিজলি, তার মা ফরিদা বেগম ও ভাবি রেহেনা বেগমকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণী তাদের পিছু নেয়। পরে সে নিজেকে বিপদগ্রস্ত দাবি করে তাদের কাছে সহায়তা চায়।
মানবিক কারণে বিজলি ও তার পরিবারের সদস্যরা ওই তরুণীকে সঙ্গে নিয়ে নবীননগর গ্রামে বিজলির বাবার বাড়িতে আশ্রয় দেন। বিকেলে আছরের নামাজের পর ওই তরুণী শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে পালিয়ে যায়।
মেয়েটিকে দেখতে না পেয়ে বিষয়টি লালপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় শিশুটির মা বিজলি বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন।
লালপুর থানার ওসি মো. মজিবর রহমান বলেন, শিশু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।