Image description

ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েল-মার্কিন সামরিক অভিযান আরও অন্তত দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম আক্সিওস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন না বলে ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা। তবে তাদের মতে, লক্ষ্য অর্জিত হয়েছে বলে মনে করলে ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন বলেও সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের সঙ্গে কথা বলা একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট অন্তত আরও তিন থেকে চার সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহী। এ সময়ের মধ্যে ইরানের রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করতে এবং অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করতে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)–কে লক্ষ্য করে অভিযান জোরদার করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউজ দাবি করে, ইরানের কথিত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কারণে এ অভিযান চালানো হয়েছে।

 

যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর জবাবে আইআরজিসি পাল্টা সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

এ ছাড়া বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

ইসরায়েল-মার্কিন হামলায় এখন পর্যন্ত ইরানে ১২০০ এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলি হামলায় লেবাননে ৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।