মাঠের ক্রিকেটের মতো এবার জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
স্পিকার বলেছেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।’
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।’
এসময় সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।