রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল (রুশ ক্রুড অয়েল) রিফাইন বা পরিশোধনের সক্ষমতা বাংলাদেশের নেই। চট্টগ্রামের পতেঙ্গায় প্রধান জ্বালানি স্থাপনায় অবস্থিত ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল-পিএলসি) বিদ্যমান প্রযুক্তি ও কারিগরি ব্যবস্থায় রাশিয়ান কোনো প্রকার অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা আদৌ সম্ভব নয়। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
বিশেষজ্ঞরা আরো জানান, ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান কারিগরি যে ডিজাইন রয়েছে তা রুশ ক্রুড অয়েল শোধনের উপযোগী নয়। বরং সেটি পৃথক ধরনের জ্বালানি তেলের পরিশোধন উপযোগী। যা মূলত মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান লাইট কিংবা মারবেন ক্রুড অয়েল পরিশোধনের জন্যই ডিজাইন করা হয়েছে। অপরদিকে রাশিয়ান ক্রুড অয়েল অতিমাত্রায় ভারী বা ঘন এবং সালফারযুক্ত। তাই রুশ ক্রুড শোধনের সক্ষমতা ইস্টার্ন রিফাইনারিতে নেই। তাছাড়া রুশ ক্রুডে ডিজেল এবং গ্যাসোলিনের পরিমাণও কম।
উল্লেখ্য যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও রাশিয়ান ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা যায় কিনা- এ বিষয়ে একাধিকবার উদ্যোগ গ্রহণ এবং পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছিল। তখন এই প্রতিবেদকের সাথে আলাপকালে বিগত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছিলেন, টেকনিক্যাল কারণে রুশ ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা সম্ভব হবে না। সুতরাং আমদানিরও অবকাশ নেই। এরপর আমদানির পদক্ষেপ বাতিল করা হয়।
সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রকৌশলী সূত্র আরো জানায়, ইতোপূর্বে পরীক্ষার জন্য আনা হয়েছিল রাশিয়ান জ¦ালানি ক্রুড অয়েল। এর নমুনা ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণিত হয়েছে ইস্টার্ন রিফাইনারির বর্তমান কারিগরি ও প্রযুক্তিগত ডিজাইনে রাশিয়ান অপরিশোধিত জ¦ালানি তেল পরিশোধন (রিফাইন) করা সম্ভব নয়।
কারণ রাশিয়ান ক্রুড অয়েল বেশিরভাগই উরলালস ক্রুড; যা তুলনামূলক অতিমাত্রায় ঘনত্বসম্পন্ন, ভারী। এতে সীসা ও সালফারের মাত্রাও অত্যধিক রয়েছে।
তাছাড়া রাশিয়ান ক্রুডে ডিজেল এবং গ্যাসোলিনের পরিমাণও কম পাওয়া যায়। ইস্টার্ন রিফাইনারির টেকনিক্যাল কমিটি পরীক্ষার পর জানায় বিদ্যমান কারিগরি ও প্রযুক্তি কাঠামোর দ্বারা রাশিয়ান রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা আদৌ সম্ভব নয়।
ইস্টার্ন রিফাইনারিতে যদি ভবিষ্যতে রাশিয়ান জ্বালানি তেল পরিশোধনের উপযোগী করে ডিজাইনিংয়ে নতুন ইউনিট স্থাপন করা হয় তাহলে রুশ ক্রুড অয়েল পেিশাধন সম্ভব হতে পারে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান লাইট কিংবা মারবেন ক্রুড অয়েলে এ ধরনের সমস্যা ও সীমাবদ্ধতা নেই। তাছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্রুড অয়েল আমদানির সোর্সিং সুবিধা বিবেচনায় বাংলাদেশের জন্য অনেকটাই সহজলভ্য।
চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রধান জ্বালানি তেল স্থাপনায় ৫৮ বছর পূর্বে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারি বর্তমানে বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন তার সক্ষমতা বা টার্গেট অতিক্রম করে প্রায় সাড়ে ১৫ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল পরিশোধনের মধ্যদিয়ে উৎপাদনে রেকর্ড করছে। এর মাধ্যমে দেশের জ্বালানি তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ হয়। অবশিষ্ট ৮০ ভাগ পরিশোধিত জ্বালানি তেল (ফিনিশড) আমদানি করে চাহিদা পূরণ করা হয়।