ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনি–র নির্বাচিত হওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক ডেভিড পেট্রেয়াস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়া নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ রয়েছে।
ডেভিড পেট্রেয়াস বলেন, “আমরা ধারণা করছি, তার বাবা যেমন ছিলেন, তিনিও তেমনই হবেন। তিনি খুবই কট্টরপন্থি ধর্মীয় ব্যক্তি।”
তিনি আরও বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে ‘আয়াতুল্লাহ’ মর্যাদায় সুপরিচিত নন, যা শিয়া ইসলামে উচ্চ পর্যায়ের ধর্মীয় শিক্ষার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
পেট্রেয়াস উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতি অতীতেও দেখা গেছে। কয়েক দশক আগে যখন আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সুপ্রিম লিডার হন, তখনও তিনি তেমন পরিচিত বা উচ্চ ধর্মীয় মর্যাদাসম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন না।
সাবেক সিআইএ প্রধান বলেন, অনেকেই আশা করেছিলেন ইরানের নেতৃত্বে এমন কেউ আসবেন, যিনি তুলনামূলকভাবে বাস্তববাদী হবেন এবং যুক্তরাষ্ট্রের দাবি—বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন সীমিত করার মতো বিষয়ে—আলোচনায় আগ্রহী হবেন।
তবে বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনা কম বলেই মনে করছেন তিনি। পেট্রেয়াস বলেন, “এখন যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে না সেসব পরিবর্তন ঘটবে—অন্তত তিনি দায়িত্ব নেওয়ার পর বাস্তবে কী করেন, তা না দেখা পর্যন্ত।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর ইরান তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদ—সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে।
ঢাকাটাইমস