মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো এই প্রণালি দিয়ে অতিক্রম করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (৭ মার্চ) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে প্রণালিতে জাহাজ চলাচল কমে গেছে। যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, তবে তার নিরাপত্তার দায়িত্ব নিজেই বহন করবে। তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, আমরা সেগুলোকে লক্ষ্যবস্তু করব।’
গত বছর এই প্রণালির মাধ্যমে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ৫০ লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হতো, যার অধিকাংশই গিয়েছে এশিয়ার দেশগুলোতে। তবে, সাম্প্রতিক নতুন বিধিনিষেধ এবং উত্তেজনার কারণে তেলবাহী ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে অন্তত ১০টি জাহাজে হামলার দাবি করেছে ইরানি বাহিনী। একই সময়ে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত ১২টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে।
হামলাগুলো পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় ঘটেছে, যদিও সব জাহাজের সঙ্গে পশ্চিমা বা ইসরায়েলি সংযোগ স্পষ্ট ছিল না। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং শিপিং শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ৪ মার্চ হরমুজ প্রণালি দিয়ে কোনো তেল বা রাসায়নিক ট্যাংকার পার হয়নি। তবে ৫ মার্চ দুপুরের দিকে কিছু জাহাজকে প্রণালিটির দিকে অগ্রসর হতে দেখা গেছে।