Image description

ইসরায়েলের সামরিক প্রধান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান এখন ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে এবং এটি "ওই শাসকগোষ্ঠী ও তাদের সামরিক সক্ষমতাকে আরও বেশি গুঁড়িয়ে দেবে।" টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জমির বলেন, "সামনে আমাদের আরও কিছু চমক রয়েছে, যা আমি এখনই প্রকাশ করতে চাই না।"

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে দফায় দফায় হামলার খবরের মাঝেই এই বিবৃতি দেন জমির। ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্যমতে, শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের আবাসিক এলাকাগুলোও ছিল।

আগের একটি হামলার ধ্বংসযজ্ঞ নিয়ে প্রেস টিভির এক সাংবাদিকের সরাসরি সংবাদ প্রচারের সময় ক্যামেরায় ঠিক সেখানেই দ্বিতীয় আরেকটি হামলার দৃশ্য ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওর বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম 'মামলেকাতে' জানিয়েছে, শুক্রবার সকালে দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাতেও হামলা চালানো হয়েছে। তবে দফায় দফায় চালানো এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সূত্র : আল জাজিরা