ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেশী ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থানরত ‘ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে’ লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইরানি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রেস টিভির পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা যায়, অভিযানের সময় বড় ধরনের বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে। তবে সংবাদমাধ্যমটি ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি।
এর আগে আমরা উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছিলাম। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী 'কুর্দিস্তান টয়লার্স অ্যাসোসিয়েশন' বা 'কোমালা'-র সদর দপ্তর লক্ষ্য করেই মূলত ওই হামলাগুলো চালানো হয়েছিল।
ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হবে কি না এবং হলে কীভাবে তা করা হবে—সে বিষয়ে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে বলে খবর বেরিয়েছিল। আর ঠিক এমন খবরের মাঝেই এই হামলার ঘটনা ঘটল।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করার আশায় এ ধরনের হামলার জন্য প্রস্তুতি ও প্রশিক্ষণ নিচ্ছিল ইরান-ইরাক সীমান্তে অবস্থানরত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর জোট। এর আগে, সশস্ত্র কুর্দি যোদ্ধাদের ইরাক সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের খবরটি নাকচ করে দিয়েছিল ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ।
সূত্র : আল জাজিরা