টর্পেডো হামলা চালিয়ে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, আমরা একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছি, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।
এদিকে, শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ‘আইআরআইএস দেনা’ নামের জাহাজটি ভারত মহাসাগরে ডুবে গেছে।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ওই হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করে, ইরানের নৌবাহিনীর জাহাজ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
উপপররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য সঠিক হলে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান মেলেনি।