Image description

লেবাননে অবস্থানরত ইরানি সরকারি কর্মকর্তাদের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার হুমকিকে ‘যুদ্ধাপরাধের অভিপ্রায়’ হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা সরাসরি যুদ্ধে লিপ্ত নন, তাদের লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সম্প্রতি ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননে ‘ইরানি শাসনের প্রতিনিধিদের কোনো উপস্থিতি সহ্য করবে না’। ওই বিবৃতিতে ইরানি কর্মকর্তাদের লেবানন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়, অন্যথায় তাদের ওপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

ইসরাইলের এই হুমকির তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলেছে, ‘যুদ্ধের আইন অনুযায়ী বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যে অন্য দেশের সরকারি কর্মকর্তারাও অন্তর্ভুক্ত, যারা সরাসরি কোনো সশস্ত্র সংঘাত বা যুদ্ধ পরিস্থিতিতে অংশগ্রহণ করছেন না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘লেবানন ত্যাগ না করলে ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার যে ইঙ্গিত ইসরাইল দিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি সরাসরি একটি যুদ্ধাপরাধ করার ইচ্ছার বহিঃপ্রকাশ বা স্বীকারোক্তি।’

আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরাইলের এমন ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উসকে দিতে পারে এবং এটি আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।

শীর্ষনিউজ