Image description

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক এমন সময়ে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার ( ১৫ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

ফিলিস্তিনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ক সূত্রগুলো জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী ১ হাজার ৬২০ বার এ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

হাসপাতালের সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে কমপক্ষে পাঁচজনকে হত্যা করেছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় দক্ষিণ খান ইউনিসে আরও পাঁচজন নিহত হয়েছেন।

গাজার একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, রোববার গাজা শহরের পূর্বে তাল আল-হাওয়া পাড়ায় এক হামলায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) কমান্ডার সামি আল-দাহদৌহকে হত্যা করেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম সর্বশেষ ইসরায়েলি হামলাকে নতুন করে চালানো গণহত্যা বলে নিন্দা করেছে। তার মতে ইসরায়েলিরা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তার নবগঠিত শান্তি বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি ঘোষণা করেছেন যে তার নবগঠিত শান্তি বোর্ডের প্রথম সভা বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ঠিক এমন সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপরদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক পোস্টে লিখেছেন, নবগঠিত শান্তি বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া এ অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন।