Image description
 

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য তুলে ধরেন।

 
 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির ভাষ্য অনুযায়ী নিহতদের মধ্যে পেশাদার সেনা ও বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যরা অন্তর্ভুক্ত। একই সঙ্গে তিনি জানান, যুদ্ধের কারণে এখনো বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।

 

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২০২৬ সালের বসন্ত পর্যন্ত উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।

 

সিএসআইএসের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা আনুমানিক ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও ধারণা করা হয়েছে, গত প্রায় চার বছরে রাশিয়ার প্রায় ৩ লাখ ২৫ হাজার সেনা নিহত হয়েছে।

 

যুদ্ধের প্রভাব বেসামরিক জনগণের ওপরও মারাত্মকভাবে পড়েছে। জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, ২০২৫ সালে ইউক্রেনে বেসামরিক মৃত্যুর সংখ্যা ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

 

জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্যমতে, শুধু ২০২৫ সালেই অন্তত ২ হাজার ৫০০ বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।