Image description

তাইওয়ানের রাজধানী তাইপের মেয়র নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। তবে স্থানীয় সরকার নির্বাচনের অন্য লড়াইগুলোয় দলটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এসব নির্বাচনের ফল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ানের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে পারে।

তাইপের বর্তমান মেয়র ও কুওমিনতাং (কেএমটি) দলের প্রার্থী চিয়াং ওয়ান-আন প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডিপিপির প্রার্থী পুমা শেন। এই জয়ের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাটিতে বিরোধী দলটির নিয়ন্ত্রণ আরও জোরালো হলো।

তবে দেশের অন্যান্য এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ডিপিপির। দলটি নিজেদের নিয়ন্ত্রণে থাকা স্থানীয় সরকারের সংখ্যা দ্বিগুণ করেছে।

মেয়র ও কাউন্টি প্রধানের ২২টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে ডিপিপি। ২০২২ সালের নির্বাচনে দলটি জিতেছিল মাত্র পাঁচটি পদে। ২০১৪ সালের পর এই প্রথম পুরো দ্বীপে মোট ভোটের হিসাবেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।

দলটির সবচেয়ে বড় সাফল্য এসেছে তাইওয়ানের দ্বিতীয় জনবহুল শহর তাইচুংয়ে। সেখানে বিদায়ী মেয়র লু শিউ-ইয়েনের অধীনে কেএমটির আট বছরের শাসনের অবসান ঘটিয়েছে ডিপিপি।

এ ছাড়া সিনচু, চাংহুয়া, ইলান ও ইউনলিন কাউন্টির পাশাপাশি চিয়াই শহরেও কেএমটির কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছে দলটি। অন্যদিকে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইনান ও কাওশিউংয়ের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

ক্ষমতাসীন দলের এই সাফল্যের পরও তাইপের মেয়র নির্বাচনের ফল বেইজিংয়ের জন্য স্বস্তির কারণ হতে পারে। স্বশাসিত ২ কোটি ৩০ লাখ মানুষের এই দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ বলে দাবি করে চীন।

ডিপিপি চীনের বিরোধিতায় কঠোর অবস্থানে থাকলেও কেএমটি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে।

ডিপিপি নেতা ও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের বিরাগভাজন। চীনের সঙ্গে একীভূত হওয়ার বিরোধিতা করায় বেইজিং তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দিয়েছে।
তাইপেই মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর মঞ্চে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) মেয়র প্রার্থী পুমা শেন— রয়টার্স
নির্বাচনের ফল প্রকাশের পর রবিবার চীন সতর্ক করে বলেছে, ‘পুনরেকত্রীকরণ’ ঠেকানো যাবে না। চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘নির্বাচনের ফলের বিষয়ে তারা অবগত’। তাদের দাবি, দ্বীপটির মানুষের ‘মূলধারার জনমত’ শান্তি, উন্নয়ন, যোগাযোগ ও সহযোগিতার পক্ষে।

বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, তা প্রণালির দুই পাশের সম্পর্কের অগ্রগতির দিক ও গতিপথ বদলাতে পারবে না। মাতৃভূমির পুনরেকত্রীকরণ যে অনিবার্য, সেই ঐতিহাসিক ধারাও থামাতে পারবে না।’

বেইজিং আরও বলেছে, তারা ‘তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা’ অব্যাহত রাখবে। পাশাপাশি ‘জাতীয় পুনরেকত্রীকরণের মহান লক্ষ্য’ এগিয়ে নেবে।

তাইওয়ান সরকার বলেছে, চীনের উচিত তাদের গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের পছন্দের প্রতি সম্মান জানানো এবং নির্বাচনের ফল বাস্তবসম্মতভাবে মেনে নেওয়া।

নির্বাচনী প্রচারে পরিবহন, আবাসন ও জনসেবার মতো অভ্যন্তরীণ বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। তবে এর ভূরাজনৈতিক তাৎপর্যও ছিল ব্যাপক। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ানের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি বুঝতে এ নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিশ্লেষক রায়ান হাস দ্য ইনডিপেনডেন্টকে বলেন, নির্বাচনের ফল দেখিয়েছে, ভোটারদের মধ্যে রাজনৈতিক বিভাজন এখনো রয়েছে এবং দুই পক্ষের সমর্থন প্রায় সমান।

তিনি বললেন, ‘২০২৮ সালের নির্বাচনের ফল কেমন হবে, তার আগাম ইঙ্গিত হিসেবে এই ফলকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। এখন থেকে ২০২৮ সালের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। তা ছাড়া স্থানীয় নির্বাচন স্থানীয় ইস্যুর ভিত্তিতেই নির্ধারিত হয়। এটি প্রণালির দুই পাশের সম্পর্ক নিয়ে কোনো গণভোট নয়।’

তাইওয়ানের রাজধানী তাইপেতে অবস্থিত ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক চেন শি-মিনের মতে, সামগ্রিকভাবে এই নির্বাচনের ফল ডিপিপির জন্য সীমিত সাফল্য।

তিনি বললেন, ‘এই ফল ডিপিপিকে ঐক্যবদ্ধ রাখবে। ২০২৮ সালে প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ালে দলটি তার পক্ষে একসঙ্গে কাজ করতে পারবে।’

১৯৯৪ সালে একবারই তাইপের মেয়র পদে জয় পেয়েছিল ডিপিপি। রাজধানীতে কেএমটির আধিপত্য থাকলেও পুমা শেনের প্রতিদ্বন্দ্বিতা ৪৭ বছর বয়সী চিয়াংকে অপ্রত্যাশিত চাপের মুখে ফেলেছিল। ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রায়ই আলোচনায় আসেন চিয়াং।

চিয়াং কাই-শেকের প্রপৌত্র বলে পরিচিত চিয়াং ওয়ান-আন। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের কমিউনিস্টদের কাছে চীনের গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর তাইওয়ানে পালিয়ে এসেছিলেন চিয়াং কাই-শেক।

তাইপেতে স্থানীয় নির্বাচনের সময় একটি মন্দিরের ভেতরে স্থাপিত ভোটকেন্দ্রে একজন ব্যক্তি ভোট দিচ্ছেন— রয়টার্সবর্তমানে কেএমটি চীনের সঙ্গে উন্নত সম্পর্কের পক্ষে অবস্থান নিয়েছে। চিয়াং নিজেও চীনের মূল ভূখণ্ড সফর করে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

 

অন্যদিকে বেইজিংয়ের চোখে পুমা শেন একজন ‘কট্টর স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী’। তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের পুলিশ তাকে খুঁজছে বলেও জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর তার প্রাণবন্ত নির্বাচনী প্রচার ‘ও’শেন ওয়েভ’ নামে পরিচিতি পেয়েছিল। প্রচারের মাধ্যমে জনমত জরিপে শুরুতে থাকা বড় ব্যবধান কমিয়ে আনেন তিনি। এতে জাতীয় পর্যায়েও ব্যাপক মনোযোগ তৈরি হয়।

নির্বাচনী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৭৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৬০৬টির ভোট গণনা শেষ হয়। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর চিয়াং পেয়েছিলেন প্রায় ৫৩ দশমিক ৮ শতাংশ ভোট। অন্যদিকে শেন পেয়েছিলেন ৪৫ দশমিক ৬ শতাংশ।

আবেগাপ্লুত হয়ে পরাজয় মেনে নেন শেন। প্রতিদ্বন্দ্বীকে ফোন করে অভিনন্দনও জানান তিনি। মঞ্চ থেকে শেন বললেন, ‘ফল প্রকাশিত হয়েছে, আমি হেরে গেছি।’

তিনি আরও বলেন, ‘আজ রাতে তাইপের মানুষ সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশি গণমাধ্যমকে আগের সাক্ষাৎকারগুলোতেও আমি বলেছি, আজ যে-ই জিতুক না কেন, এটি তাইপের জয় এবং গণতন্ত্রের জয়।’

সমর্থকদের উদ্দেশে শনিবার রাতে আবেগাপ্লুত চিয়াং বলেন, ‘দীর্ঘ ও কঠিন এক গণতান্ত্রিক নির্বাচনের পর আমরা শেষ পর্যন্ত একসঙ্গে লড়াই করেছি। সবাইকে ধন্যবাদ।’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে চালানো অপতথ্য প্রচারের মধ্যেও হয়েছে এই হাড্ডাহাড্ডি লড়াই। এ প্রচারে শেন এবং লাইয়ের মতো ডিপিপির জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ডিপফেক ভিডিও ছড়ানো হয়।

শেনকে হেয় করতে তৈরি করা ভুয়া ভিডিওতে তাকে মাদক গ্রহণ করতে দেখা যায়। অন্য কিছু ভিডিওতে ক্ষমতাসীন দলের রাজনীতিকদের শিশুদের পোশাক পরা অবস্থায় দেখিয়ে উপহাস করা হয়।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট