Image description

সৌদি আরব ও বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনারের গভীর সম্পর্ক ছিল বলে দাবি করেছেন প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোল। তার নতুন বইয়ে কুশনারকে ঘিরে অর্থ লেনদেন, মধ্যপ্রাচ্যের রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্ল্যাকমেইল, নির্যাতন এবং ইসরাইলের সঙ্গে আমিরাতের গোপন সামরিক সহযোগিতাসহ নানা বিস্ফোরক তথ্য তুলে ধরা হয়েছে।

বইটির সবচেয়ে আলোচিত দাবিগুলোর একটি হলো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকার কুশনারকে প্রায় ২০০ কোটি ডলার দিয়েছিল। এর মধ্যে ৭৫ কোটি ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থা ওয়াতানি আল ইমারাত ফাউন্ডেশনের মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা হয়েছিল। আমিরাতের নাগরিক উন্নয়ন কর্মসূচিতে সহায়তার কথা বলা হলেও প্রকৃতপক্ষে ওই অর্থ দেশটির অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত হয়েছিল বলে দাবি করা হয়েছে।

বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করা কুশনার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তবে আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে কুশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছে নিউইয়র্ক টাইমস।

গত মাসে প্রকাশিত ম্যাথিউ কোলের বইটির নাম ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’। এতে মধ্যপ্রাচ্যের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং উপসাগরীয় অঞ্চলের শাসকগোষ্ঠীর নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমিরাতের ক্ষমতাসীন আল নাহিয়ান পরিবারের অভ্যন্তরীণ সংস্কৃতি ও দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বইটিতে।

তবে বইয়ের তথ্যের সূত্র হিসেবে যাদের উল্লেখ করা হয়েছে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তারা বইয়ের সব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সৌদি ও আমিরাতের রাজপরিবারও এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সমকামিতার ভিডিও দিয়ে ভাইকে ব্ল্যাকমেইলের অভিযোগ

বইয়ে দাবি করা হয়েছে, ১৯৯০-এর দশকে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তার ভাই ও সিংহাসনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদের সমকামী যৌন সম্পর্কের ভিডিও ধারণের জন্য দুই সিরীয় নাগরিককে নিয়োগ দিয়েছিলেন। দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষে ধারণ করা ওই ভিডিও পরে রুশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই ভাইয়ের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল খলিফাকে বিব্রত করা।

ম্যাথিউ কোল লিখেছেন, জায়েদ বিন সুলতান বুঝতে পেরেছিলেন, মোহাম্মদ তার ভাইকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। তবে ছেলের এই কৌশলী পদক্ষেপে তিনি মজাও পেয়েছিলেন। কোলের ভাষায়, আল নাহিয়ান পরিবারের মধ্যে মোহাম্মদের এই ব্ল্যাকমেইলের চেষ্টা আমিরাতের শাসক হওয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়েছিল।

বইয়ে আরও বলা হয়েছে, খলিফা বিন জায়েদের একজন স্ত্রী ও আট সন্তান ছিল। ১৯৯০-এর দশকে উপসাগরীয় অঞ্চলের রাজপরিবারগুলোর মধ্যে এমন ঘটনা তুলনামূলক বিরল ছিল।

তবে খলিফা বিন জায়েদের যৌন অভিমুখিতা নিয়ে কোলের এই প্রতিবেদন অন্য কোনো সূত্রে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যদিও উপসাগরীয় অঞ্চলের রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহারের ঘটনা নিয়ে সাম্প্রতিক কয়েকটি বইয়ে আলোচনা রয়েছে।

কোলের দাবি, সৌদি আরবের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের প্রতিও বিরূপ ছিলেন মোহাম্মদ বিন জায়েদ। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উত্থানের সময় ক্ষমতার বাইরে চলে যান বিন নায়েফ। বইয়ে বলা হয়েছে, বিন নায়েফের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে তার বিরোধিতা করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ।

সৌদি রাজপরিবার নিয়ে লেখা নিউইয়র্ক টাইমসের সাংবাদিক বেন হাবার্ডের ‘এমবিএস: দ্য রাইজ টু পাওয়ার অব মোহাম্মদ বিন সালমান’ এবং সাংবাদিক ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেকের ‘ব্লাড অ্যান্ড অয়েল: মোহাম্মদ বিন সালমানস রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’ বইয়েও মোহাম্মদ বিন নায়েফের যৌন অভিমুখিতা নিয়ে আলোচনা রয়েছে।

ভাইকে অকার্যকর করতে ওষুধ প্রয়োগের অভিযোগ

২০০৪ সালে বাবার মৃত্যুর পর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন খলিফা বিন জায়েদ। তবে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি অনেক ক্ষেত্রে তার ছোট ভাই ও আবুধাবির তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের ওপর নির্ভর করতেন।

২০১৪ সালে খলিফার স্ট্রোকের পর তার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সাধারণত স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরা হয়েছিল। তবে ম্যাথিউ কোলের দাবি, এর অনেক আগে থেকেই খলিফা মদ্যপান ও শনাক্ত না হওয়া মানসিক সমস্যায় ভুগছিলেন।

কোলের ভাষ্য অনুযায়ী, ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপযুবরাজ হওয়ার সময় থেকেই ভাইকে এমন চিকিৎসা দিচ্ছিলেন, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন।

বইয়ে কোল লিখেছেন, ‘খলিফার চিকিৎসা তাকে এক ধরনের ঘোরের মধ্যে রাখত এবং শেষ পর্যন্ত তার স্নায়ুর ক্ষতি করে।’

মোহাম্মদ বিন জায়েদ ভাইকে দুর্বল করার উদ্দেশ্যে এসব চিকিৎসা করাতেন বলে দাবি করেছেন কোল। এ কাজে পারিবারিক সম্পর্ক থাকা এক মার্কিন নার্সের সহায়তা নেওয়া হয়েছিল বলেও বইয়ে উল্লেখ রয়েছে।

বইয়ের দাবি, ওই নার্সের লিসা নামের এক ভাগনির সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের যৌন সম্পর্ক ছিল। তাদের একটি বিবাহবহির্ভূত সন্তানও হয়, যাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় করা হয়েছে।

আমিরাতের এফ-১৬ যুদ্ধবিমানে ইসরাইলি প্রযুক্তি

ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার আগে থেকেই তাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ছিল বলে ধারণা করা হয়।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সোমালিল্যান্ড ও ইথিওপিয়ার মতো আঞ্চলিক ইস্যুতেও দেশ দুটির অবস্থানের মিল রয়েছে।

ম্যাথিউ কোলের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী ছিলেন না। তবে মোহাম্মদ বিন জায়েদ অন্তত ১৯৯০-এর দশক থেকেই ইসরাইলের প্রতি আগ্রহী ছিলেন।

বইয়ে বলা হয়েছে, ১৯৯৮ সালে ‘এভিয়েশন উইক’ সাময়িকীতে ইসরাইলি সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে একটি প্রতিবেদন পড়েন মোহাম্মদ বিন জায়েদ। এরপর তিনি বাবাকে ওই যুদ্ধবিমান কেনার জন্য রাজি করানোর চেষ্টা করেন। তখন তিনি আমিরাতের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিমান কেনার আলোচনা পরিচালনা করেন।

মোহাম্মদ বিন জায়েদের সমর্থনে আমিরাত ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় এবং সেগুলোতে ইসরাইলি সফটওয়্যার যুক্ত করার পরিকল্পনা করে। ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা নিয়ে দেশটির উদ্বেগ দূর করতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের উদ্যোগে গোপনে ইসরাইল ও আমিরাতের মধ্যে আলোচনা চলেছিল বলেও বইয়ে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিরোধিতা করায় কবিকে নির্যাতনে হত্যার দাবি

ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের বিরোধিতা করায় আমিরাতের ভেতরে দমন-পীড়ন চালানো হয়েছিল বলে দাবি করেছেন কোল। তার বইয়ে বলা হয়েছে, ২০১৯ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে কলাম লেখার পর আমিরাতের কবি হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যা করা হয়।

হাবিব আল সায়েগ আমিরাতের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন। তিনি আল খালিজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং আরব রাইটার্স ইউনিয়নের মহাসচিব ছিলেন। কাতারের বিরুদ্ধে আমিরাত ও সৌদি আরবের অবরোধকেও তিনি সমর্থন করেছিলেন।

তবে আমিরাতের সঙ্গে ইসরাইলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়ে প্রভাবশালী মহলে তিনি প্রকাশ্যে সমালোচনা করতেন। নীরব থাকার সতর্কতা উপেক্ষা করে ২০১৯ সালের আগস্টে ‘ইসরাইল আমাদের প্রকৃত শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি কলাম লেখেন তিনি।

কোলের দাবি, ওই লেখা প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা সায়েগকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করা হয়। একজন নিরাপত্তা কর্মকর্তা প্লায়ার্স দিয়ে তার কয়েকটি দাঁত তুলে ফেলেন। অন্য একজন ধারালো ধাতব অংশযুক্ত বেল্টের মতো বস্তু দিয়ে তাকে পেটান।

বইয়ে বলা হয়েছে, টানা তিন দিন নির্যাতনের পর সায়েগের মৃত্যু হয়। মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ এক সহযোগী তার মরদেহকে ‘প্রায় চেনাই যাচ্ছিল না’ বলে বর্ণনা করেছিলেন।

কোলের দাবি, সায়েগের বিরোধিতা কুশনার ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের আলোচনায় থাকা একটি বড় কূটনৈতিক চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং ফিলিস্তিনিদের রাজনৈতিকভাবে কোণঠাসা করা হবে।

বইয়ে বলা হয়েছে, ইসরাইলের দখল করা পশ্চিম তীরে বসবাসকারী ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে স্থানান্তরের পরিকল্পনা ছিল। এতে ওই ভূখণ্ডের জনসংখ্যা ৯০ শতাংশ কমে যেত। এরপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সীমিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতেন। ওই রাষ্ট্রকে নেগেভ মরুভূমির কিছু অংশ এবং জর্ডানের ভূখণ্ডও দেওয়ার পরিকল্পনা ছিল বলে দাবি করা হয়েছে।

কুশনার ও টম ব্যারাকের ক্ষমতার দ্বন্দ্ব

বইটিতে মধ্যপ্রাচ্যের শাসকদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যকার দ্বন্দ্বও উঠে এসেছে। বিশেষ করে কুশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান তুরস্কের রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়াবিষয়ক দূত টম ব্যারাকের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কোল।

লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক টম ব্যারাক আগে বেসরকারি বিনিয়োগ খাতে কাজ করতেন। প্রথম ট্রাম্প প্রশাসনে দায়িত্ব নেওয়ার আগেই তিনি ট্রাম্পের সঙ্গে আমিরাত ও সৌদি আরবের শাসকদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এ নিয়ে তখন সমালোচনার মুখে পড়েন তিনি।

কোলের দাবি, মধ্যপ্রাচ্যের উন্নয়নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে নেওয়া মার্শাল পরিকল্পনার আদলে একটি কর্মসূচি চালু করতে চেয়েছিলেন ব্যারাক। আবুধাবি ও রিয়াদের অর্থায়নে ওই পরিকল্পনার মাধ্যমে পুরো অঞ্চলের উন্নয়ন ঘটানোর লক্ষ্য ছিল তার।

তবে কুশনার তাকে মধ্যপ্রাচ্যের কেবল মিশর-সংক্রান্ত বিষয়গুলো দেখার সুযোগ দিয়েছিলেন। পরে ব্যারাক আমিরাতকে কুশনারের কাছে বার্তা পাঠানোর জন্য তদবির করেন, যাতে দেশটি ব্যারাককেই মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হিসেবে চায়।

কোল লিখেছেন, ‘ব্যারাকের কাছে বার্তাটি ছিল স্পষ্ট: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক ভাগাভাগি করতে চাননি কুশনার।’

২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করলে কুশনার ও ব্যারাকের দ্বন্দ্ব আরও বাড়ে। তখন রিয়াদ ও আবুধাবি একই অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে ইয়েমেন, ইরান যুদ্ধ ও লোহিত সাগর ইস্যুতে দেশ দুটির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা সত্ত্বেও কাতারের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন ব্যারাক। বইয়ে বলা হয়েছে, সৌদি আরব ও আমিরাত কাতারের বিরুদ্ধে অবরোধে কুশনারের সমর্থন চাইলে ব্যারাক তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মিলে ট্রাম্পকে ওই অবরোধে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

সূত্র: মিডল ইস্ট আই