ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহারে ঘটা করে মেয়ের বিয়ের আয়োজন করে আলোচনায় এসেছেন স্থানীয় এক রাজনীতিক। কয়েক দিনের জমকালো আয়োজনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠান। কিন্তু সেই রেশ এখন কাটেনি। কারণ, এতে চার লাখের বেশি অতিথি উপস্থিত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এলাহি এই কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে নাদাওয়া গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য বিধানসভার স্পিকারসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন রাজনীতিক উপস্থিত ছিলেন।
মোকামা আসনের পাঁচবারের বিধায়ক অনন্ত সিং চলতি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বিহার ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চল এবং পাকিস্তান থেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তার ভাষায়, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হয়েছিল। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো গ্রাম পরিণত হয় বিশাল মেলায়। পাটনা থেকে গ্রামে যাতায়াতের সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য গ্রামে ছয়টি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ী রান্নাঘরে শত শত রাঁধুনি ১৫০টির বেশি পদের খাবার তৈরি করেন। অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছিল প্রায় ৮০ লাখ মিষ্টি।
বিয়ের অন্যতম আকর্ষণ হিসেবে ৫২টি ঘোড়া নিয়ে ঘোড়দৌড়ের আয়োজন করার কথা ছিল। তবে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং দৌড়ের মাঠে মানুষের ভিড় ছড়িয়ে পড়ায় শেষ মুহূর্তে প্রতিযোগিতাটি স্থগিত করা হয়।
বিহার ভারতের দরিদ্রতম রাজ্যগুলোর একটি হওয়ায় এমন বিপুল ব্যয়ের বিয়ের আয়োজন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।