থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার থাইল্যান্ডের জ্বালানি কোম্পানি ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ব্যাংককের ফ্রা খানং এলাকায় অবস্থিত তাদের তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থাপনাটির ওপর দিয়ে আকাশচুম্বী আগুনের শিখা উঠছে। পাশাপাশি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ব্যাংককের আকাশ।
বিস্ফোরণের পরপরই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাংচাকের তেল ডিপোতে বিস্ফোরণ ঘটেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে স্থানটি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’
ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত বিশাল এই তেল স্থাপনাটি পরিচালনা করে থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন।
বিস্ফোরণের ঘটনায় অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তৎপরতা চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।