আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে এবং আদালতের সিদ্ধান্তেই নির্ধারিত হবে তাদের ভবিষ্যৎ।
রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম চলছে। সেই তদন্ত কার্যক্রম সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন করা হবে, চার্জশিট দেওয়া হবে এবং আদালত তার কার্যক্রম পরিচালনা করবেন। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির রাজনৈতিক চরিত্রে কখনো গণতন্ত্র ছিল না। তাদের ইতিহাসে একনায়কতন্ত্র ও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রবণতা ছিল।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে, নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি। পতিত ফ্যাসিবাদী শক্তিরাও এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
স্বাধীনতার পর আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু দলটি আবারও নিজেদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দেয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণ সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ধারণ করতে হচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে চায়; যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে না পারে।