Image description

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, দেশটির বেসামরিক পরমাণু কর্মসূচি থামানো সম্ভব নয়। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান ডেফরিনের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। দেশটিকে ধ্বংস করার ইরানের যে লক্ষ্য, তা এখনো শেষ হয়ে যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরান নিয়মিত পাল্টাপাল্টি হুমকি দিয়ে আসছে। এর আগে গত সেপ্টেম্বর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরায়েলে হামলা চালালে দেশটির সামরিক বাহিনী ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেবে এবং অন্ধকারে ডুবিয়ে দেবে’।

এদিকে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির বেসামরিক পরমাণু কর্মসূচি থামানো সম্ভব নয়। তার ভাষায়, এই কর্মসূচি ‘অপ্রতিরোধ্য’।

ইরানের গিলান প্রদেশের রাশত শহরে নতুন একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন এসলামি। তিনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়—এমন দাবি ভিত্তিহীন। দেশটির বৈজ্ঞানিক অগ্রগতি থামানোর উদ্দেশ্যেই এ ধরনের প্রচার চালানো হচ্ছে।



তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহারের জন্য। ইরান সরকারের দাবি, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিষয়ক গবেষণা ও কৃষিকাজে এই কর্মসূচি ব্যবহার করা হয়।



অন্যদিকে, ইসরায়েলের দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রের অধিকারী হলেও বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। দেশটির হাতে কয়েক ডজন পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।



সূত্র : আলজাজিরা