বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় ইহুদি ও হিন্দু সংগঠনগুলো। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করায় তারা এ উদ্বেগ জানিয়েছে।
সংগঠনগুলোর বক্তব্য, ইসলামপন্থি নেতা হিসেবে শফিকুর রহমানের অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া এবং দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়টি উদ্বেগজনক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শফিকুর রহমানের সফর নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএএইচএ)।
সংগঠনগুলো বলেছে, শফিকুর রহমান প্রকাশ্যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের নিহতের পর তার প্রশংসা করেছেন এবং তাকে বীর হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া তিনি আরেক হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করেছিলেন। এমনকি তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে জামায়াতে ইসলামীর ‘উদ্বেগজনক ইতিহাস’ রয়েছে। দলটির সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন।
এতে আরও বলা হয়, আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত একটি মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) শফিকুর রহমানকে আতিথ্য দিয়েছে বলে জানা গেছে। এমনকি সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্যও উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ান ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর দাবি, আমরা অস্ট্রেলিয়া সরকারের কাছে জানতে চাই, শফিকুর রহমানকে কেন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না।
এজেএর প্রেসিডেন্ট রবার্ট গ্রেগরি উল্লেখ করেন, ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া ‘রিলিজিয়াস জায়োনিজম’ দলের পার্লামেন্ট সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।
তিনি প্রশ্ন করেন, ইসরায়েলি রাজনীতিবিদদের যেখানে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি, সেখানে এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হলো, যিনি প্রকাশ্যে হামাসের সন্ত্রাসীদের মহিমান্বিত করেছেন?
এএএইচএর প্রেসিডেন্ট আমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান হত্যাকাণ্ড, নৃশংসতা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভীতি প্রদর্শনের ঘটনায় কট্টরপন্থি ইসলামপন্থিদের ভূমিকা সুনির্দিষ্টভাবে নথিভুক্ত রয়েছে। যারা এ ধরনের নৃশংসতাকে সমর্থন করে অথবা নীরব দর্শক হয়ে থাকে, তাদের স্বাগত জানানো হলে তা কেবল অস্ট্রেলীয়দের মধ্যে বিভাজনই সৃষ্টি করবে এবং দেশটির সামাজিক সংহতিকে দুর্বল করবে।
অস্ট্রেলিয়ার ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল ওয়ান ন্যাশন পার্টিও জামায়াত আমিরের সফর ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি বলছে, ‘বলাই বাহুল্য যে, এই বিদ্বেষপূর্ণ ব্যক্তিকে কোনো অবস্থাতেই অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া উচিত নয়। অথচ, আশ্চর্যজনক নয় যে, এই ব্যক্তিকে স্বাগত জানানোর বিষয়ে ‘অ্যালবো’র (Albo) কোনো আপত্তিই নেই এবং তাকে ভিসা প্রদান করা হয়েছে।’
অস্ট্রেলিয়ার ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টিও শফিকুর রহমানের সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি বলেছে, “এই বিদ্বেষপূর্ণ ব্যক্তিকে কোনোভাবেই অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়। অথচ আশ্চর্যের বিষয়, তাঁকে স্বাগত জানানো বা ভিসা দেওয়ার ক্ষেত্রে ‘অ্যালবো’র কোনো আপত্তি নেই।”