অনলাইনে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেখলে নিজের জন্য কোনো সুযোগ আছে কি না দেখতে সাধারণত সবাই সেটা খুলে দেখেন, বিশেষ করে যাঁরা হঠাৎ করে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। প্রতারণার মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নিতে ওত পেতে থাকা ব্যক্তিরা এখন এ সুযোগ কাজে লাগাচ্ছেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্র থেকে চীনের গোপন তথ্য হাতিয়ে নিতে অভাবনীয় এক কৌশলের বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন চীনা গুপ্তচরেরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে চাকরির সুযোগের বিজ্ঞাপন দিচ্ছে।
তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে মার্কিন সরকারের গোপন তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা।
এ ধরনের প্রতারণার বিষয়ে আগে থেকেই কিছুটা ধারণা করা হচ্ছিল। কিন্তু সিএনএনের অনুসন্ধানে এ ধরনের পরিকল্পনার এমন সব তথ্য উঠে এসেছে, যা আগের ধারণার চেয়েও অনেক বেশি বিস্তৃত।
চাকরির বিজ্ঞাপনের নামে তথ্য হাতিয়ে নেওয়ার এই তৎপরতার ফাঁদে পড়েছেন, এমন ১২ জনের সঙ্গে কথা বলেছে সিএনএন।
এ ছাড়া সন্দেহজনক ভুয়া ওয়েবসাইটগুলো বিশ্লেষণ করে সিএনএন জানতে পেরেছে, সংবেদনশীল মার্কিন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এখন আরও বড় একটি গোষ্ঠীকে নিশানা করা হচ্ছে। তাঁরা হলেন সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ছাঁটাই করা দেশটির হাজার হাজার ফেডারেল কর্মী।
কয়েকজন সাবেক কর্মকর্তা বলেছেন, মার্কিন ফেডারেল সরকারের এসব কর্মী পর্যাপ্ত দিকনির্দেশনা ও গুপ্তচরবৃত্তির ফাঁদ থেকে সুরক্ষার ব্যবস্থা ছাড়াই তাঁদের চাকরি হারিয়েছেন। ফলে তাঁরা বেইজিংয়ের জন্য সম্ভাব্য মূল্যবান সম্পদ হয়ে উঠেছেন।
আর ওয়াশিংটনের জন্য দুর্বলতার একটি বড় জায়গা তৈরি হয়েছে।
চীনের সন্দেহভাজন এই তৎপরতা মানুষের কল্পনায় থাকা প্রচলিত গোপন গুপ্তচরবৃত্তির মতো নয়; বরং সম্ভাব্য লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগের জন্য তারা লিংকডইনের মতো সাধারণ চাকরির ওয়েবসাইট ব্যবহার করছে।
সরকারি কর্মীদের পাশাপাশি সাংবাদিক, বাণিজ্যবিষয়ক পরামর্শক এবং এমন আরও অনেককে এই পরিকল্পনার লক্ষ্যবস্তু করা হয়েছে। ধরে নেওয়া হয়, তাদের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কাছে মূল্যবান বলে বিবেচিত হতে পারে, এমন তথ্য থাকতে পারে।
এ বছরের জুনে এফবিআই এমন ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব ওয়েবসাইটের সঙ্গে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের যোগসূত্র ছিল। এর মাধ্যমে কীভাবে প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম চালানো হচ্ছিল, সে বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়।
যদিও চীনা এজেন্টরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা করছিল, এমন অভিযোগ চীন অস্বীকার করেছে।
এ বিষয়ে জানতে সিএনএন থেকে ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। চীনা দূতাবাসের একজন বলেন, ‘আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন, সে সম্পর্কে আমি অবগত নই। কথিত “চীনা গুপ্তচরবৃত্তির” বয়ান ছড়িয়ে চীনকে হেয় করার বিরোধিতা করে বেইজিং। ’
অথচ সিএনএন এফবিআইয়ের বন্ধ করা ওয়েবসাইটগুলোর বাইরে এমন আরও কয়েকটি ওয়েবসাইটের সন্ধান পেয়েছে, যেগুলোর ধরন ও বিষয়বস্তু এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলোর মতোই।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস নামের গবেষণাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার আরও দুটি ওয়েবসাইটের সন্ধান পেয়েছেন। তিনি সেগুলোর তথ্য সিএনএনকে দিয়েছেন। ওয়েবসাইট দুটির সঙ্গে এফবিআইয়ের জব্দ করা ওয়েবসাইটগুলোর একই ধরনের কিছু ওয়েব অবকাঠামোর মিল রয়েছে। এ ছাড়া অন্য কিছু যোগসূত্রও পাওয়া গেছে।
সব মিলিয়ে লেসার আরও ১০০টির বেশি ওয়েব ডোমেইনের সন্ধান পেয়েছেন। এর অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ওয়েবসাইটের মিল রয়েছে।
‘ডোমেইন নেম’ হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশের ঠিকানা। লেসার সিএনএনকে বলেন, বিস্তৃত এই নেটওয়ার্কের কার্যক্রমে চীনা গোয়েন্দা সংস্থার অভিযানের বৈশিষ্ট্য স্পষ্ট।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন চীনা গুপ্তচরেরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে চাকরির সুযোগের বিজ্ঞাপন দিচ্ছে। তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে মার্কিন সরকারের গোপন তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা।
লেসার ২০২৫ সালের নভেম্বরে এসব ডোমেইনের তথ্য প্রকাশ্যে আনার পরও বেশির ভাগ ওয়েবসাইট কয়েক মাস ধরে সচল ছিল এবং ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছে। তবে গত মাসে সেগুলোর বেশ কয়েকটি বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।
তবে বিশেষজ্ঞরা বলেছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সামান্য অংশই বন্ধ করতে পেরেছে।
জুনে এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ১৩টি ডোমেইনের কথা উল্লেখ করে লেসার সিএনএনকে বলেন, ওই ১৩টি ডোমেইন আসলে হিমশৈলের চূড়ামাত্র। এ ধরনের ডোমেইন সম্পর্কে সতর্ক করা হলে মার্কিন সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জোরদার করা।
এই তৎপরতা নিয়ে এফবিআই তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
চলতি মাসে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর চিপ নির্মাতাপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদত্যাগ করতে হয়েছে।
ওই নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন বলে সন্দেহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। বেইজিং গুপ্তচরবৃত্তির সব ধরনের অভিযোগ বা ইঙ্গিত অস্বীকার করেছে।
পেন্টাগনের সাবেক কর্মী ওয়েস ব্রায়ান্ট ২০২৫ সালের জানুয়ারিতে হঠাৎ একটি ই–মেইল পান। প্রেরক নিজেকে এমআরডিএ নামের মালয়েশিয়ার একটি গবেষণাপ্রতিষ্ঠানের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন।
ই–মেইলে লেখা ছিল, ‘সামরিক ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা ও কাজের পটভূমি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। মালয়েশিয়া ও বৃহত্তর অঞ্চলে নিরাপত্তা জোরদারে সহায়তা করতে আমরা শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ’
ওই ১৩টি ডোমেইন আসলে হিমশৈলের চূড়ামাত্র। এ ধরনের ডোমেইন সম্পর্কে সতর্ক করা হলে মার্কিন সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জোরদার করা। ...
ম্যাক্স লেসার, বিশ্লেষক
প্রথমে ই–মেইলটি উপেক্ষা করেছিলেন ব্রায়ান্ট। তখনো তিনি পেন্টাগনে কাজ করছিলেন। কিন্তু দুই মাস পর তাঁর নতুন চাকরির প্রয়োজন হয়।
ব্রায়ান্ট মালয়েশিয়ার কথিত ওই গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে দেখার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে পেন্টাগনের সাবেক সহকর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে একটি সাধারণ মানের প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিনি শুধু গোপনীয় নয়, এমন তথ্যই রাখেন।
সূত্র: সিএনএন