Image description

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালিয়েছে—জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) এমন রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে এই রায়কে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ‘ঐতিহাসিক ও প্রামাণ্য স্বীকৃতি’ হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘গণহত্যা—এটিই আইসিজের দ্বিধাহীন-অকাট্য রায়। বছরের পর বছর ধরে সত্য গোপন, অস্বীকার ও দায়মুক্তির সংস্কৃতির পর এই রায় বেঁচে যাওয়া মানুষ, ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত।’

তিনি বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারের সরকার ও সামরিক কর্তৃপক্ষ রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে। তাদের ওপর প্রাতিষ্ঠানিক বৈষম্য ও নিপীড়ন চালানো হয়েছে, যা জাতিগত বিচ্ছিন্নকরণ বা ‘অ্যাপার্থেইড’-এর মতো মানবতাবিরোধী অপরাধের শামিল। রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে আটকে রাখা হয়েছে, তাদের ঘরবাড়ি ও গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানের ভয়াবহ সময়ে ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতা চালানো হয়েছে।

অ্যামনেস্টি মহাসচিব উল্লেখ করেন, আইসিজের এই চূড়ান্ত রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত। স্বাধীন তদন্তকারী ও আন্তর্জাতিক আদালতের পর্যবেক্ষণ কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। গাম্বিয়া সরকার ন্যায়বিচারের চাকা সচল করেছিল বলেই আজ এই সিদ্ধান্ত এসেছে। মানবতার বিবেককে নাড়া দেওয়া অপরাধের বিরুদ্ধে সব রাষ্ট্রের কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, গাম্বিয়া তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

রায়ের আইনি তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সামরিক লক্ষ্যসহ অন্যান্য উদ্দেশ্যের পাশাপাশি ‘গণহত্যার অভিপ্রায়’ থাকতে পারে—আদালতের এই ব্যাখ্যা আইসিজেতে বিচারাধীন অন্যান্য মামলার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কথিত গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা রাখবে।

মিয়ানমারের বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করে ক্যালামার্ড বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযান যিনি তদারকি করেছিলেন, সেই সাবেক সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এখন পাতানো নির্বাচনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন। মিয়ানমারের ভেতরে যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘন নির্বিঘ্নে চলছে, তখন আন্তর্জাতিক অঙ্গনে কোনো সরকারেরই তাকে স্বাগত জানানো উচিত নয়।

তিনি মিয়ানমারে সব ধরনের অস্ত্র, নিরাপত্তা ও নজরদারি সরঞ্জাম সরবরাহ এবং সামরিক ও নিরাপত্তা সহায়তা বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং মিয়ানমারের পুরো পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর দাবি জানান।

বিবৃতিতে মিয়ানমার কর্তৃপক্ষকে অবিলম্বে আইসিজের রায় মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসিয়ানভুক্ত দেশসহ সব রাষ্ট্রকে গণহত্যা কনভেনশন ও আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নিতে বলা হয়। এই রায় সমুন্নত রাখতে ব্যর্থ হলে মিয়ানমার সেনাবাহিনীর আন্তর্জাতিক আইন অমান্যের প্রবণতা আরও বাড়বে এবং দায়মুক্তির চক্র দীর্ঘায়িত হবে বলে সতর্ক করেন তিনি।

অ্যাগনেস ক্যালামার্ড বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচারের লড়াই এখানেই শেষ হওয়া উচিত নয়। ভুক্তভোগী ও বেঁচে যাওয়া মানুষদের পূর্ণ ও কার্যকর ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। তাদের জন্য মানবিক সহায়তা, পুনর্বাসনের সুযোগ এবং আন্তর্জাতিক জবাবদিহি প্রক্রিয়ায় শক্তিশালী রাজনৈতিক ও আর্থিক সমর্থন অব্যাহত রাখতে হবে।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত জবাবদিহির প্রক্রিয়া শুরু হবে। অতীত ও বর্তমানের যুদ্ধাপরাধ, বর্ণবাদ এবং মানবতাবিরোধী সব অপরাধের কার্যকর তদন্ত করে সন্দেহভাজনদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।