আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলার রায় হবে বৃহস্পতিবার। তবে রোহিঙ্গাদের ওপর চলা এই নির্মম নির্যাতনের বিচার নিশ্চিত করতে তার কয়েক বছর আগে থেকেই নীরবে কূটনৈতিক কাজ শুরু করেছিল বাংলাদেশ।
২০১৮ সালের মে মাসে ঢাকায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বৈঠক হয়। সেখানে বাংলাদেশের নেওয়া একটি সুচিন্তিত পরিকল্পনাই শেষ পর্যন্ত এই মামলার রাজনৈতিক ভিত্তি গড়ে দেয়।
বাংলাদেশ নিজে এই মামলা করেনি; মামলাটি করেছিল গাম্বিয়া। কিন্তু এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কীভাবে ঢাকা ধাপে ধাপে এর ক্ষেত্র তৈরি করেছিল। দফায় দফায় নীতিমালা পর্যালোচনা, মিয়ানমারে নির্যাতনের আগাম তথ্য-প্রমাণ সংগ্রহ এবং ওআইসির দেশগুলোর সমর্থন আদায়ে কূটনৈতিক কৌশলের মাধ্যমে বাংলাদেশ এই পথ তৈরি করে।
এই কাজের শুরুটা হয়েছিল ২০১৩ সালে। সে বছর পররাষ্ট্র মন্ত্রণালয় ‘রোহিঙ্গা ও অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের বিষয়ে জাতীয় কৌশল’ নামে একটি নীতিমালা তৈরি করে। ওই বছরের সেপ্টেম্বরে মন্ত্রিসভায় সেটি অনুমোদনও পায়।
এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে থাকা অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের বিষয়টি সামলানো এবং মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখা। তবে এটিই পরবর্তীকালে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের নীতিনির্ধারণের একটি শক্ত কাঠামো তৈরি করে দেয়।
২০১৫ সালে বাংলাদেশের এই কাজে নতুন গতি আসে। সে সময় মিয়ানমারে কর্মরত বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনীতিক রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতন ও তাদের কোণঠাসা করে রাখার ধরন নিয়ে কাজ শুরু করেন। এর পেছনে ‘গণহত্যার’ মতো বড় কোনো অপরাধের যোগসূত্র আছে কি না, তিনি তা খতিয়ে দেখেন।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্লিনিকের গবেষকদের সঙ্গে পরামর্শ করে ওই কূটনীতিক বিষয়টি গভীরভাবে পরীক্ষা করেন। রোহিঙ্গাদের চলাচলে বাধা দেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতনের তথ্য সংগ্রহ করেন তিনি। সেখানে গণহত্যার স্পষ্ট উদ্দেশ্য রয়েছে—এমন মূল্যায়নসহ সব তথ্য-প্রমাণ ২০১৭ সালের সামরিক অভিযানের আগেই ঢাকায় পাঠানো হয়েছিল।
২০১৬ সালের অক্টোবরে প্রথম দফায় রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর সরকার তার কৌশল নতুন করে সাজায়। ২০১৭ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত সাতটি নীতিগত পদক্ষেপের মধ্যে পাঁচটি অনুমোদন করেন। এর মধ্যে ছিল মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা, অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সঙ্গে যোগাযোগ করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ অভিযান ও লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর এই তৎপরতা আরও বেড়ে যায়। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি তুলে ধরে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দেয় এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
কিন্তু প্রত্যাবাসনে কোনো কাজ না হওয়ায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নানা সীমাবদ্ধতার কারণে বিচার নিশ্চিত করার বড় কোনো আন্তর্জাতিক পথ খুঁজতে থাকে ঢাকা।
চূড়ান্ত কূটনৈতিক চালটি দেওয়া হয় ২০১৮ সালের ৫ ও ৬ মে ঢাকায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠকে। বাংলাদেশ চেয়েছিল জবাবদিহিতা নিশ্চিত করতে ওআইসির একটি কমিটি হোক। তবে এই প্রস্তাব নিয়ে বৈঠকে যেন দীর্ঘ কোনো বিতর্ক বা মতবিরোধ তৈরি না হয়, সেদিকেও নজর ছিল ঢাকার।
কর্মকর্তারা জানান, ঢাকা এই বিষয়টিকে মূল আলোচ্যসূচির বাইরে রেখেছিল। পরে বৈঠকের একদম শেষ পর্বে ‘বিবিধ’ (অ্যানি আদার বিজনেস) আলোচনার সময় গাম্বিয়াকে দিয়ে প্রস্তাবটি উত্থাপন করানো হয়।
গাম্বিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুবকর মারি তামবাদু এ বিষয়ে বেশ আগ্রহ দেখান। যেহেতু বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ওই বৈঠকের সভাপতি ছিলেন, তাই অন্য দেশগুলোর প্রতিনিধিরা বিতর্ক বাড়ানোর সুযোগ পাওয়ার আগেই প্রস্তাবটি পাস হয়ে যায়।
ওআইসি রোহিঙ্গা নির্যাতনের বিচার নিশ্চিতে গাম্বিয়াকে প্রধান করে মন্ত্রী পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠনে রাজি হয়। এই সিদ্ধান্তই ২০১৯ সালের ১১ নভেম্বর গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার জন্য গাম্বিয়াকে প্রয়োজনীয় কূটনৈতিক শক্তি ও সমর্থন জুগিয়েছিল।
আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায় নির্ধারণ করবে রাষ্ট্র হিসেবে মিয়ানমার এই সনদ লঙ্ঘন করেছে কি না। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির ফৌজদারি বিচার নয়। তবে গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে তা আইনি ও রাজনৈতিকভাবে বিশাল গুরুত্ব বহন করবে। এর ফলে বিচার নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া এবং নির্যাতন বন্ধ করার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বহুগুণ বেড়ে যাবে।
বাংলাদেশের জন্য এই রায় রোহিঙ্গাদের নাগরিকত্ব, অবাধ চলাচল, নিরাপত্তা এবং নিজ ঘরবাড়ি ও জীবিকা ফিরে পাওয়ার দাবিকে আরও জোরালো করবে। রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য এই শর্তগুলো পূরণ হওয়া জরুরি।
তবে এই রায় হলেই যে শরণার্থীরা রাতারাতি দেশে ফিরে যাবে বা অপরাধীদের সরাসরি শাস্তি হবে, তা নয়। রায়ের প্রকৃত সুফল পেতে হলে অব্যাহত কূটনৈতিক চাপ, রাখাইনের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সহযোগিতা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ প্রয়োজন হবে।
সব মিলিয়ে ঢাকার জন্য এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করার বড় এক সুযোগ এনে দিয়েছে।