ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে ‘ব্লাফ’ বা রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন আইজেনকট। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এমন সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব বলেও দাবি করেন তিনি।
তবে নেতানিয়াহুর আহ্বান প্রত্যাখ্যান করে আইজেনকট বলেন, ‘চেষ্টা ভালো, কিন্তু এসব কৌশল আমার ওপর কিংবা ইসরায়েলের জনগণের ওপর কাজ করবে না।’ অবশ্য তার দল ইয়াশার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে ঐক্য সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।
সংসদে আসন নিয়ে হিসাব-নিকাশ
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দুটি দল পেয়েছে মোট ১৯টি আসন।
এই দুই ফিলিস্তিনি দলের সমর্থন পেলে আইজেনকটের জোটের আসন দাঁড়াবে ৬৭টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। তবে তার জোটের কয়েকজন নেতা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে আপত্তি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, আইজেনকটের সামনে আরেকটি সম্ভাবনা হলো নেতানিয়াহুর জোটের দুই অতি-রক্ষণশীল দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতা করা। এই দুই দলের সমর্থন পেলে তার জোটের আসন সংখ্যা ৬১ হবে।
প্রধানমন্ত্রী কে হবেন, সেটিই বড় বাধা
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে।
তবে নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে আস্থার সংকট রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ঐক্য সরকার হলে প্রধানমন্ত্রী কে হবেন। আইজেনকট নেতানিয়াহুর সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।
বিশ্লেষকদের ধারণা, অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আইজেনকটকে ফিলিস্তিনিপন্থী দলগুলোর সমর্থন গ্রহণ অথবা নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে দেওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হতে পারে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রাখার সুযোগ পেতে পারেন। এমন পরিস্থিতিতে নতুন নিরাপত্তা সংকট তৈরি হলে জাতীয় ঐক্যের সরকার গঠনের চাপও বাড়তে পারে।
সূত্র: আল জাজিরা