Image description

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১০ নভেম্বর) রিয়াদের আকাশে দুটি এবং দেশটির দক্ষিণাঞ্চলে আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সময় রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া কয়েকটি পোস্টে এসব তথ্য জানান।

তিনি বলেন, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়।

আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরেকটি বার্তায় জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরা।

সৌদির তেল অবকাঠামোতেও হামলা

ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর মধ্যে সংঘাতের পাশাপাশি সৌদি আরবেও একের পর এক হামলার ঘটনা ঘটছে।

ইয়েমেনের স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে, দেশটির নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে সরকারের সামরিক অভিযানে বিমান হামলার মাধ্যমে সহায়তা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এর জবাবে হুথিরা সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির তেল শোধনাগার ও সংরক্ষণাগারও।

এর আগে সোমবার সৌদি আরবের মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার কারণে পাইপলাইনে সীমিত পরিসরে আগুন লাগে। পরে তা নিভিয়ে ফেলা হয়। তবে পাইপলাইনের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে তেহরানের বিধিনিষেধের কারণে সৌদি আরবের তেল রপ্তানিতে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির অন্যতম পথ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে পাইপলাইনটি কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে, গত রোববার হুথিরা রিয়াদের ব্যবসায়িক এলাকায় হামলার দাবি করে। সৌদি কর্মকর্তারা জানান, ওই হামলার চেষ্টা চলাকালে আকাশ থেকে পড়ে যাওয়া ধ্বংসাবশেষের আঘাতে আরামকো টাওয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ভবনটি পরিদর্শন করতে দেখা যায়। ছবিতে ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্নও দেখা গেছে।

শীর্ষনিউজ