Image description

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে পুরোপুরি মুক্তি দিতে চাইছেন না দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং সরকারের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা চললেও সু চিকে আটকে রাখাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে তার নেতৃত্বাধীন সরকার। দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে এসব বিষয় উঠে এসেছে।

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে মিয়ানমারের সরকার আটক সাবেক নেত্রী অং সান সু চির কয়েকটি নতুন ছবি প্রকাশ করে।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর হেফাজতে রয়েছেন তিনি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্দিজীবন কাটানো এই নেত্রীর বর্তমান অবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই দিনই দেশটির কার্যত নেত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার কথা ছিল।

কিন্তু শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে তাকে আটক করে।

এরপর সু চির বিরুদ্ধে একাধিক মামলা করে সামরিক সরকার। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিচারে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দীর্ঘ সময় ধরে বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল।

২০২৬ সালের এপ্রিল, আগস্ট ও অক্টোবরে প্রকাশিত কয়েকটি ছবি ছাড়া তার শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তার এক ছেলেসহ কয়েকজন তার বেঁচে থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

সম্প্রতি সু চির ছবি প্রকাশ এবং তার সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক উদ্বেগ কমানোর চেষ্টা করছে মিয়ানমারের কর্তৃপক্ষ। তবে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ অনুযায়ী, এসব পদক্ষেপের পেছনে মানবিক বিবেচনার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক হিসাবও রয়েছে।

ক্ষমতার বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা
সামরিক শাসন থেকে নামমাত্র বেসামরিক সরকারের দিকে যাওয়ার পর আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে মিয়ানমারের নতুন সরকার। এ প্রক্রিয়ায় সু চির বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা চলছে।

তবে সরকারপ্রধান হিসেবে রয়েছেন ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং।

২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতন্ত্রপন্থি শক্তিগুলো এ নির্বাচন ব্যাপকভাবে বর্জন করে। ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে। নির্বাচনে সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বিপুল ব্যবধানে জয়লাভ করে।

পরবর্তী সময়ে এপ্রিলে সামরিক বাহিনীর প্রভাবাধীন পার্লামেন্ট মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। এর মাধ্যমে নিজের শাসনের পক্ষে নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিতে বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করেন তিনি।

সু চির মুক্তি নিয়ে কেন অনাগ্রহ
প্রেসিডেন্ট হওয়ার পর মিন অং হ্লাইংয়ের প্রথম দিকের পদক্ষেপগুলোর একটি ছিল অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদও কমানো হয়।

তবে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে, এসব পদক্ষেপকে সু চির পূর্ণাঙ্গ মুক্তির ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। মিন অং হ্লাইংয়ের রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত স্বার্থের সঙ্গে বিষয়টি জড়িত।

সু চি মুক্তি পেলে মিয়ানমারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। অন্যদিকে, তাকে বন্দি রাখার কারণে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকারের গণতান্ত্রিক বৈধতার দাবিও আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে।

এ কারণে সু চির ভবিষ্যৎ এখনো মিয়ানমারের ক্ষমতার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

শীর্ষনিউজ