Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর পথে এক ধাপ এগিয়ে গেছেন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। সেখানে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও মধ্যপন্থি ইয়াশার পার্টির এই নেতা। গত রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দেন।

নতুন সরকার গঠনের জন্য সর্বোচ্চ ছয় সপ্তাহ সময় পাবেন আইজেনকট। তবে বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় তার সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

দায়িত্ব পাওযার পর আইজেনকট বলেছেন, তার দরজা খোলা। ইসরায়েলের বর্তমান সংকট বুঝতে পারে, এমন সব দলের সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত।

 

নেতানিয়াহুর চেয়ে বেশি সমর্থন আইজেনকটের

ইসরায়েলের নতুন পার্লামেন্টের ৬৭ জন সদস্য আইজেনকটকে সরকার গঠনের জন্য সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে আরব দল দুটির ১৯ জন সদস্য রয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। তার দীর্ঘদিনের মিত্র অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি এবার তাকে সমর্থনের সুপারিশ করেনি। এতে নেতানিয়াহুর রাজনৈতিক জোটের দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে।

তবে প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়া মানেই নেতানিয়াহুর ক্ষমতার অবসান নয়। আইজেনকটের পক্ষে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকলেও এখনো সরকার গঠনের মতো কার্যকর জোট তৈরি হয়নি।

 

আইজেনকটের চার শর্ত

আইজেনকট দ্রুত একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠন করতে চান। প্রাথমিকভাবে চারটি ইহুদি বিরোধী দলের ৪৮টি আসন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা করছেন তিনি।

দলগুলো হলো আইজেনকটের ইয়াশার, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন টুগেদার, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি।

সরকারে যোগ দেওয়ার জন্য চারটি শর্ত দিয়েছেন আইজেনকট।

প্রথমত, ইসরায়েলকে ইহুদি, গণতান্ত্রিক, উদার ও সমতাভিত্তিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

দ্বিতীয়ত, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে চলতে হবে।

তৃতীয়ত, সবার জন্য সামরিক, জাতীয় অথবা বেসামরিক সেবা বাধ্যতামূলক করতে হবে।

চতুর্থত, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে।

শেষ শর্তটির কারণে আরব দলগুলোর পক্ষে মন্ত্রিসভায় যোগ দেওয়া কঠিন হবে। তবে তারা সরকারের বাইরে থেকে সমর্থন দিতে পারে।

 

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে কোনো সরকারকে সরাতে হলে বিকল্প সরকার গঠনের পক্ষে অন্তত ৬১ জন সদস্যের সমর্থন লাগবে।

সরকার গঠন নিয়ে বিরোধীদের মধ্যেই বিরোধ

আইজেনকটের সবচেয়ে বড় বাধা হতে পারেন বিরোধী নেতা আভিগদর লিবারম্যান।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা, পররাষ্ট্র ও অর্থমন্ত্রী লিবারম্যান আরব দলগুলোর সমর্থননির্ভর কোনো সরকার গঠনের বিরোধিতা করছেন।

তার মতে, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন করা হলে তা বেশিদিন টিকবে না। বরং এতে ভবিষ্যতে নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার পথ সহজ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এমন সরকার গঠন হলে নেতানিয়াহু আবার ৭০টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারেন।

লিবারম্যানের বিকল্প প্রস্তাব হলো, অতি-রক্ষণশীল শাস পার্টি ও ইউনাইটেড তোরাহ জুদাইজমকে সঙ্গে নিয়ে ৬১ সদস্যের একটি জোট গঠন করা।

এ ক্ষেত্রে আরব দলগুলোকে বাইরে রাখতে চান তিনি। তার ধারণা, জোট গঠনের পর লিকুদ পার্টির তিন থেকে চারজন সদস্যও দলত্যাগ করতে পারেন।

তবে এই পরিকল্পনার সঙ্গেও বিরোধীদের নির্বাচনি প্রতিশ্রুতির সংঘাত রয়েছে। অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে ওই দলগুলো। অন্যদিকে আইজেনকট ও লিবারম্যানসহ বিরোধী নেতারা নির্বাচনের সময় সবার জন্য বাধ্যতামূলক সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন নেতানিয়াহু। আরব দলগুলোর সঙ্গে বিরোধীদের রাজনৈতিক সহযোগিতার তীব্র বিরোধিতা করছেন তিনি।

এমনকি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে নেতানিয়াহু অভিযোগ করেছেন, আরব দলগুলো ঘুষ ও বিদেশি অর্থায়নের মাধ্যমে ভোটে কারচুপি করেছে।

শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠিত হলে ইসরায়েল টিকে থাকতে পারবে না। এর পরিবর্তে তিনি অতি-ডানপন্থি ও অতি-রক্ষণশীল দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান।

তবে আইজেনকট নেতানিয়াহুর এ বক্তব্যকে দুর্বল রাজনৈতিক প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছেন। তার দল ইয়াশার বলেছে, লিকুদ পার্টি চাইলে উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট ভেঙে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারে।

নতুন পার্লামেন্টের অধিবেশন মঙ্গলবার

আইজেনকটের প্রথম বড় পরীক্ষা মঙ্গলবার নতুন নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠান।

বিরোধী দলগুলো বর্তমান স্পিকারকে সরিয়ে নিজেদের পছন্দের কাউকে দায়িত্ব দিতে চায়। এতে নেতানিয়াহুর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও দুর্বল হতে পারে।

এরপর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিতে পারে বিরোধীরা।

রোববার থেকে সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। এই সময়ের মধ্যে মন্ত্রিসভার পদ বণ্টন, বাজেট ও নীতিগত বিষয়ে দলগুলোর সঙ্গে সমঝোতা করতে হবে তাকে।

ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব আবার নেতানিয়াহুর কাছে যেতে পারে। সে ক্ষেত্রে তিনি আরও চার সপ্তাহ সময় পাবেন।

সূত্র: সিএনএন