Image description
বিশ্বের অন্যতম ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের পানীয়ের তালিকায় পানি নেই! অন্তত ৪৮ বছর ধরে তিনি পানি পান করেন না বলে দাবি করেছেন আরেক ধনকুবের বিনিয়োগকারী বিল অ্যাকম্যান। তার দাবি, বাফেটের পছন্দের পানীয় চেরি কোক।
 
সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ পডকাস্টে অংশ নিয়ে বাফেটের সঙ্গে নিজের একটি নৈশভোজের অভিজ্ঞতা তুলে ধরেন অ্যাকম্যান। কয়েক বছর আগে নিজের বাড়িতে বাফেটকে আপ্যায়ন করেছিলেন তিনি। অতিথির পছন্দের কথা জানায় আগে থেকেই বাড়িতে চেরি কোকের ব্যবস্থা রেখেছিলেন।
 
নৈশভোজের সময় বাফেটকে সাধারণ পানি নাকি স্পার্কলিং ওয়াটার (গ্যাস মিশ্রিত পানি) পান করবেন, তা জানতে চান অ্যাকম্যান। কিন্তু দুটিই প্রত্যাখ্যান করে চেরি কোক চান বাফেট।
 
এরপর অ্যাকম্যান তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি পানি পান করেন না?’
জবাবে বাফেট বলেন, ‘বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।’
 
 
অ্যাকম্যানের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগের ওই ব্যক্তিগত নৈশভোজেই কথাটি বলেছিলেন বাফেট। তবে ঠিক কবে ঘটনাটি ঘটেছিল, তা জানাননি তিনি। বাফেটও এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি। ফলে ৪৮ বছর পানি না পানের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
 
পানি না পানের দাবিটি চমকপ্রদ হলেও কোমল পানীয়ের প্রতি বাফেটের দুর্বলতা দীর্ঘদিনের। ২০১৯ সালে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রতিদিন প্রায় পাঁচটি ১২ আউন্সের কোক পান করেন। এর আগে ২০১৫ সালে নিজের দৈনিক ক্যালরি গ্রহণের প্রায় এক-চতুর্থাংশ কোকা-কোলা থেকে আসে বলেও মজা করে জানিয়েছিলেন তিনি।
 
বাফেটের চেরি কোকের প্রতি ভালোবাসার ইতিহাসও বেশ পুরোনো। ১৯৮৬ সালে ৪৮ বছর ধরে অন্য একটি কোমল পানীয় পান করার অভ্যাস ছেড়ে চেরি কোক পান শুরু করেন তিনি। এরপর থেকে পানীয়টি তার পছন্দের তালিকায় রয়েছে।
 
বাফেটের ব্যক্তিগত পছন্দের বাইরেও কোকা-কোলার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তার প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ১৯৮৮ সাল থেকে কোকা-কোলার শেয়ার কিনতে শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে কোকা-কোলার প্রায় ৯ শতাংশ শেয়ার রয়েছে।
 
সূত্র: বিজনেস ইনসাইডার