শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নবীনবরণ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজন ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়।
কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক জানান, অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে থেকে এসব স্লোগান দেওয়া হয়। তারা ওই সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং নিজেরা স্লোগান শুনেছেন বলেও দাবি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, আমরা ভিডিওটি দেখছি। বিষয়টি তদন্ত করছি। ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।