যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধির সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। এসময় মিশিগানে নতুন নির্বাচিত আবদুল আল-সাইয়েদকেও অভিনন্দন জানান তিনি।
বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে পোস্টে ইলহান ওমর আবদুল আল-সাইয়েদকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ইনশাআল্লাহ’কে ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত করেছেন তিনি। কংগ্রেসে এখন আটজন মুসলিম দায়িত্ব পালন করবেন—এ কথা ভেবে তিনি গভীর কৃতজ্ঞতা অনুভব করছেন বলেও উল্লেখ করেন।
ইলহান ওমর লেখেন, তাদের বলা হয়েছিল, তারা নিজেদের কথা তুলে ধরতে পারবেন না, প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারবেন না কিংবা এত দূর এগিয়ে যেতে পারবেন না। কিন্তু তারা তা করে দেখিয়েছেন।
পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ইলহান ওমর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন মুসলিম সদস্য। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।