Image description
হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা দেশটির সংবাদমাধ্যম সিবিএসকে (CBS) এ তথ্য জানিয়েছেন।
 
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো ছিল সীমিত ও প্রতিরক্ষামূলক। যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) গুলি চালানোর জবাবে এ হামলা চালানো হয়েছে।
 
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইআরজিসি কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, দ্বীপটির দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ ড্রোন এবং হরমুজ প্রণালির পূর্বে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী।
 
হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটিতে সর্বাত্মক যুদ্ধ আবার শুরু হওয়া ঠেকাতে মধ্যস্থতাকারীরা যখন তৎপরতা বাড়িয়েছেন, তখনই এ হামলার ঘটনা ঘটল।
 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ বন্ধের জন্য নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেই চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি জনমত জরিপেও তার জনপ্রিয়তা কমছে।
 
 
সোমবার এর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানে হামলা জোরদার করার বিষয়ে তিনি ‘কোনো তাড়াহুড়োর মধ্যে নেই’।
 
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে (Axios) তিনি বলেন, ‘যেকোনো একভাবে আমরা কিছু একটা করব, তবে কোনো তাড়াহুড়ো নেই। আমরা তাদের আর্থিকভাবে পঙ্গু করে দিয়েছি। তাদের কোনো অর্থ নেই, পেট্রল নেই এবং দেশটির মানুষও এতে খুব ক্লান্ত হয়ে পড়ছে।’
 
মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ফক্স নিউজকে (Fox  News) দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ভূগর্ভস্থ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ (Pickaxe Mountain) যুক্তরাষ্ট্রের হামলা চালানোর প্রয়োজন হতে পারে।