Image description

ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ফের পথে নামছে বিরোধী জোট ইন্ডিয়া। আগামী ১ নভেম্বর, রবিবারের এই কর্মসূচিতে যোগ দিতে পড়ুয়া, যুব, মহিলা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে তিনি আবেদন করেন, ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে নীরব থাকার সুযোগ নেই। এছাড়াও গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সকলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি।

মমতা লিখেছেন, 'আর চুপ থাকবেন না।' তার বক্তব্য, ভোটাধিকারই যখন লুটের মুখে, তখন নীরব থেকে লাভ নেই। আগামী ১ নভেম্বর ইন্ডিয়া জোট রামলীলা ময়দানে প্রতিবাদ জানাবে। এটি ভোট চুরির বিরুদ্ধে লড়াই এবং প্রত্যেক ভারতীয়র অধিকার রক্ষার প্রশ্ন। বাংলা সহ বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগের জবাব চাইছে মানুষ - এমনটাই দাবি তার। তাই পড়ুয়া, যুব, মহিলা ও সমাজের বিশিষ্টদের এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি এই কর্মসূচিতে তিনি নিজেও উপস্থিত থাকবেন এবং তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। 

পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ভোট লুটের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে বিরোধী দল। তাদের অভিযোগ, কেন্দ্রের শাসক দল বিজেপির
প্রতি পক্ষপাত দেখিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। এই অভিযোগে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল করেছে বিরোধীরা। এই ইস্যুতে এর আগেও একাধিকবার প্রতিবাদে নেমেছে ইন্ডিয়া জোট। আগামী রবিবার ফের একই দাবিতে দিল্লিতে জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো।

অন্যদিকে এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ও। জানা যাচ্ছে তারাও প্রতিবাদে যোগ দিতে পারে। ফলে তাদের সমর্থন এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।