ভারতের উত্তর প্রদেশের বিধান পরিষদ নির্বাচনে বিজেপি ছয়টি এবং সমাজবাদী পার্টি (এসপি) পাঁচটি আসনে জয় পেয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা আসন বারানসির বিধান পরিষদের দুটি আসনই জিতেছে সমাজবাদী পার্টি। এ ছাড়া বারানসির একটি আসনে প্রাথমিক গণনা ও পুনর্গণনার কোনোটিতেই বিজেপি জয় পায়নি। এই ফলাফলকে ‘ডাবল-ইঞ্জিন সরকারের ডাবল হার’ বলে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
কেন্দ্র ও প্রদেশে একই দলের সরকার থাকাকে রাজনৈতিক ভাষায় ‘ডাবল-ইঞ্জিন সরকার’ বলা হয়। অখিলেশের দাবি, বিজেপির পরাজয় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থা নিয়ে দলটির নীতির বিরুদ্ধে মানুষের রায়ের প্রতিফলন। শিক্ষিত বেকাররা বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিজেপির কারণে ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ। তাঁর দাবি, পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘুদের নিয়ে গঠিত পিডিএ জোটের সমর্থন বেড়ে ৯৫ শতাংশে পৌঁছেছে।
নির্বাচনে বিজেপির জয় নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান। তাঁর দাবি, কারচুপির মাধ্যমে জয় পাওয়ার অভিযোগে বিজেপির ভেতরে সংকট তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি পোস্টে কী প্রমাণ দিয়েছেন, তা উল্লেখ করেননি।
২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই নিয়েও কটাক্ষ করেন অখিলেশ। তাঁর দাবি, আগে বিজেপি সমীক্ষা করে প্রার্থী খুঁজত, আর এখন প্রার্থী খুঁজতে দূরবীন ব্যবহার করতে হচ্ছে।
নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীদের সমর্থন দেওয়ায় শিক্ষক ও তরুণ ভোটারদের ধন্যবাদ জানান তিনি। অখিলেশের মতে, ভোটারদের সতর্কতা ও ঐক্য আগামী বছর উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সরকার গঠনের ভিত্তি তৈরি করবে।