Image description
স্পেনের টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।
 
বুধবার (২৮ অক্টোবর) সকাল প্রায় ৯টার দিকে মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল।
 
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রেনের পেছনে অন্য ট্রেনটি ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি হলো রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফের এভিই ট্রেন এবং ইতালীয় প্রতিষ্ঠান আইরিওর একটি ট্রেন। এভিই ট্রেনটিতে ১৪৭ জন এবং আইরিওর ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিলের পথে চলছিল। পর্যটক ও নিয়মিত যাত্রীদের কাছে এ রুটটি বেশ জনপ্রিয়।
 
প্রাথমিক তথ্য অনুযায়ী, এভিই ট্রেনটি আইরিওর ট্রেনের পেছনে ধাক্কা দিলে আইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। পরে বগি দুটি টলেডো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
 
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে রয়েছে। অন্য ট্রেনটি রেললাইনের ওপরই ছিল। এ সময় উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করতে দেখা যায়।
 
কাস্তিয়া-লা মাঞ্চার জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওল।