ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র আকার ধারণ করায় দাহরানের সদর দপ্তর খালি করার নির্দেশ দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে আরামকোর ছয় কর্মকর্তা জানিয়েছেন, কর্মীদের রিমোটলি (বাড়ি থেকে) কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ এমন সময়ে এলো, যখন সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর এবং আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলা চলছে। তবে আরামকো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই খবরের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এই খবরের জেরে বৃহস্পতিবার সৌদি আরবের শেয়ারবাজারের বেঞ্চমার্ক সূচক ২ দশমিক ৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়ে মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশন ভাষণে দাবি করেছেন, তাঁরা লোহিত সাগরের তীরবর্তী শহর ইয়ানবুতে আরামকোর স্থাপনা এবং রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছেন। যদিও সৌদি কর্তৃপক্ষ এই হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদ এবং ইয়ানবুর কাছাকাছি পবিত্র মদিনার আকাশে কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
চলতি মাসের শুরুতে হুতিরা আরামকোর সদর দপ্তরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল; সে সময় ভবনের বেশ কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। এর জবাবে সৌদি আরবও হুতিদের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে ধারাবাহিক বিমান হামলা চালায়।
তথ্যসূত্র: রয়টার্স