Image description

ফিলিস্তিনের দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন কাটিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে আবারও আলোচনার টেবিলে বসছেন বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর নেতারা। হামাস, ফাতাহসহ ফিলিস্তিনি পক্ষগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে বুধবার ও বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে বৈঠক হওয়ার কথা রয়েছে। নির্বাচন, রাজনৈতিক সমঝোতা এবং বৃহত্তর সংলাপের পথ তৈরি করাই এবারের আলোচনার মূল লক্ষ্য।

আলজাজিরাকে কয়েকটি সূত্র জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও), ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) ও হামাসসহ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।

ফাতাহর মুখপাত্র আবদেল ফাত্তাহ দাওলা তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, বুধবার ও বৃহস্পতিবারের বৈঠকে বৃহত্তর রাজনৈতিক সংলাপের প্রস্তুতি এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্ব দেওয়া হবে।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত সপ্তাহে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন প্রায় এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আব্বাসের নেতৃত্বাধীন পিএলওর নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নয়। বিশেষ করে, গাজায় নির্বাচনী সামগ্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজন নিরসন এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা দীর্ঘদিনের। তবে এবারের কায়রো বৈঠক সেই বিভাজন কাটিয়ে একটি অভিন্ন রাজনৈতিক অবস্থান তৈরির ক্ষেত্রে কতটা অগ্রগতি আনতে পারে, তা নিয়ে আগ্রহ রয়েছে। নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে বৈঠকটি ফিলিস্তিনি রাজনীতিতে নতুন সংলাপের পথ খুলতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: আল জাজিরা