ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী নেতাদের আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, রোববারের মধ্যে আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে অনির্দিষ্টকালের অনশন অথবা পায়ে হেঁটে পদযাত্রা কর্মসূচি শুরু করবেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক আটক নেতাদের দ্রুত মুক্তি দাবি করেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে বিরোধী নেতাদের আটকের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
এদিকে, ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ কর্মসূচির আগে শুক্রবার রাতভর অন্তত এক হাজার এবং শনিবারের আন্দোলনে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ।
পুলিশের ভাষ্য, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে—এমন ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে। শনিবার রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ২৫০ জন ছিলেন দক্ষিণ-পূর্ব দিল্লির, বিশেষ করে শাহিনবাগ এলাকার। এ ছাড়া শাহদারা ও পূর্ব দিল্লি থেকে আটক করা হয়েছে শতাধিক মানুষকে।
বিক্ষোভ ঘিরে রাজধানীজুড়ে ৩০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদারের পাশাপাশি আটক ব্যক্তিদের রাখার জন্য ১৩টি অস্থায়ী বন্দিশালা নির্ধারণ করা হয়েছে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস