Image description

ভারতের বিরোধী দলগুলোর সাম্প্রতিক চাপ ও আন্দোলন অব্যাহত থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিরোধীদের দাবি শুধু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে নয়, বরং বর্তমান সরকারকে সরানোর বিষয়টিও এর সঙ্গে জড়িত।

শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিরোধীদের বিক্ষোভ সরকারকে ভিত থেকে নাড়িয়ে দিয়েছে এবং সরকার এখন ভীত।

রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমারের চেয়েও অনেক গভীর সমস্যা রয়েছে। আর এর সমাধানের জন্য বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।’

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য লড়াই করা, এমনকি জীবন দিতেও প্রস্তুত থাকা সার্থক।

প্রধান নির্বাচন কমিশনারকে আক্রমণ করে রাহুল বলেন, তিনি কেবল একজন সেবাদানকারী কর্মকর্তা। অথচ তার সাহস দেখুন, তিনি বলছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না।

সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘গত তিন-চার দিন যেভাবে চাপ সৃষ্টি করেছি, তা অব্যাহত রাখতে পারলে আমি নিশ্চয়তা দিচ্ছি, এই সরকারের পতন হবে।’

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া