যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। খবর আলজাজিরার।
তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির একটি অপরিহার্য অংশ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা বিধি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইসলামি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি আবারো সামনে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে আলোচনার এজেন্ডায় এটি অন্তর্ভুক্ত করা উচিত। কিন্তু সমৃদ্ধকরণ প্রক্রিয়াটি পারমাণবিক কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রও তাদের জাতীয় উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পরমাণু প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে। ফলে ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে মার্কিন পক্ষের বিভিন্ন দাবি বিভ্রান্তিকর ও মিথ্যা।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এসলামির এই বক্তব্য সামনে এলো। তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশটির বৈধ অধিকার।