Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার পর বারবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান তার পরমাণু কার্যক্রম নিয়ে বারবার নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সবচেয়ে ব্যাপক পরিদর্শনের সুযোগও দিয়েছে দেশটি।

 

পেজেশকিয়ান বলেন, আইএইএর পরিদর্শকরা যখনই ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে গেছেন, তখন সেসব স্থাপনা ও ইরানি পরমাণু বিজ্ঞানীদের পরিচয় প্রকাশ হয়েছে। এরপর ওই স্থাপনাগুলোতে হামলা এবং বিজ্ঞানীদের হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন,

যে পক্ষ প্রতিদিন হত্যা, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে এবং নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে, তার সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই।

 

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি বলেছেন, যেকোনো হুমকি মোকাবিলায় তেহরান প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে এর প্রভাব সব পক্ষের ওপর পড়বে।

অন্যদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট দীর্ঘ সময়ের জন্য মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে।

এ ছাড়া ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের সঙ্গেও প্রায় ২ হাজার ২০০ মেরিন সেনা ও অন্যান্য সদস্য রয়েছে। তিনটি জাহাজে প্রায় ২ হাজার নাবিকও রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: শাফাক নিউজ