Image description

ইরানের বিমান চলাচল খাতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ দিয়েছে তেহরান। ইরানের দাবি, এসব নিষেধাজ্ঞার কারণে দেশটির বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

 

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরৌদি বলেন, বিমান চলাচল খাতের ‘বৈধ অধিকার’ রক্ষা এবং যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অবৈধ বিধিনিষেধের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

 

আইসিএও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। কানাডার মন্ট্রিয়েলে এর সদর দপ্তর। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা, পরিচালনা ও মানদণ্ড নির্ধারণ এবং তা তদারকির দায়িত্ব পালন করে সংস্থাটি।

 

শিরৌদি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতেও অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

ইরানি বিমান সংস্থার ওপর মার্কিন বিধিনিষেধ

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে জানানো হয়, তারা ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা বা ব্যবসা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলছে এবং এর ফলে বিমান চলাচল ব্যাহত ও ফ্লাইট বাতিল হচ্ছে।

 

তেহরান বলছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইরানের বিমান চলাচল খাতের অধিকার রক্ষায় তারা কাজ করে যাবে।