Image description

হরমুজ প্রণালির আকাশসীমায় গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এ দাবি করা হলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন শনাক্ত করার পর সেটির গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে নতুন একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।


আইআরজিসির জনসংযোগ বিভাগ বলেছে, ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় ছিল। পরে উন্নত সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের দাবি, ড্রোনটি কোনো হামলা চালানোর আগেই ধ্বংস করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালির আকাশে আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল আইআরজিসি।

এর আগে গত সপ্তাহেও হরমুজ প্রণালির কাছাকাছি একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করেছিল ইরানের সেনাবাহিনী।

ইরানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দুই দেশের সামরিক উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই জলপথে সামরিক ও সামুদ্রিক তৎপরতার ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র এমকিউ-১-এর মতো পুরোনো মডেলের ড্রোনের ব্যবহার বাড়িয়েছে বলে কয়েকজন সামরিক বিশ্লেষক মনে করছেন।

তবে হরমুজ প্রণালিতে নির্দিষ্ট এসব ড্রোন ভূপাতিত হওয়ার ইরানি দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: প্রেস টিভি