ইন্দোনেশিয়ার জাভা সাগরে রবিবার একটি যাত্রীবাহী জাহাজ উল্টে গেছে। এ ঘটনায় নিখোঁজ ১৩০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। এর আগে ১১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।
জাহাজটিতে ৩০ জন ক্রুসহ মোট ২৪৩ জন ছিলেন। খারাপ আবহাওয়ার মধ্যে রবিবার ভোরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জাহাজটির। পরে সেটিকে নিখোঁজ ঘোষণা করা হয়।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল।
পরে রবিবার সংস্থাটি জানায়, উদ্ধারকারীরা ১০৭ জনকে জীবিত অবস্থায় খুঁজে পেয়েছেন। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এখনও ১৩০ জন নিখোঁজ রয়েছেন।
এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি বলেছেন, জাহাজটি ডুবে যায়নি, বরং উল্টে গেছে। একটি হেলিকপ্টারে থাকা ক্রুদের পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি এ কথা জানান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে আরও তদন্ত প্রয়োজন বলেও জানান তিনি।
এর আগে অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছিল, জাহাজটি ডুবে গেছে।
সংস্থাটির বানজারমাসিন কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও বিবৃতিতে বলেছেন, উদ্ধার হওয়া যাত্রীদের বিভিন্ন জাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেওয়া হবে।
তিনি জানান, উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেছেন। এ জন্য একটি দল, কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা এলাকায় পাঠানো হয়েছে।
১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া পরিবহনের জন্য ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটিতে আকাশপথের তুলনায় সমুদ্রপথে যাতায়াত খরচ কম এবং সহজলভ্য।
তবে দেশটিতে নৌযানের নিরাপত্তা মান সব সময় কঠোরভাবে মানা হয় না। এ কারণে সেখানে নৌ দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।