সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে নির্মাণাধীন একটি অঘোষিত পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, এ ধরনের চুল্লি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী ফিশাইল উপাদান উৎপাদনে অত্যন্ত কার্যকর।
সোমবার আইএইএ জানায়, সিরিয়ার আগের সরকার গোপনে ওই পারমাণবিক স্থাপনা নির্মাণ করছিল। গত মাসে সংস্থাটির পরিদর্শকরা দুটি স্থাপনা পরিদর্শন করেন।
এর একটি ছিল দেইর এজ-জোরে এবং অন্যটি ছিল সিরীয় কর্তৃপক্ষের চিহ্নিত একটি অজ্ঞাত স্থান।
গত সপ্তাহে এএফপির দেখা আইএইএর একটি প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনে সিরিয়ার সাবেক সরকারের পারমাণবিক চুল্লি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে।
দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর দেশটিতে বর্তমান সরকার দায়িত্ব নেয়।ভিয়েনায় আইএইএর ত্রৈমাসিক গভর্নরস বোর্ডের বৈঠক শুরুর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাফায়েল গ্রোসি। তিনি বলেন, আগের সিরীয় সরকার বেশ কয়েকটি গোপন কর্মকাণ্ড পরিচালনা করছিল—এ বিষয়টি স্পষ্ট।
গ্রোসি বলেন, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। তবে কর্মকাণ্ডগুলো যে ঘোষণা করা হয়নি এবং সিরীয় কর্তৃপক্ষ বিশ্বকে তাদের কার্যক্রম সম্পর্কে অবগত করতে চায়নি, তা স্পষ্ট।তিনি আরও বলেন, চুল্লিটির কাঠামো ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি এমন ধরনের চুল্লি যা ফিশাইল উপাদান উৎপাদনে অত্যন্ত কার্যকর। এই উপাদান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
আইএইএর প্রধানের ভাষ্য অনুযায়ী, ওই চুল্লি নির্মাণ সিরিয়ার যেকোনো সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বর্তমানে স্থাপনাটির খননকাজ চলছে এবং পরিদর্শকদের পাওয়া তথ্য অনুযায়ী, চুল্লিটির নির্মাণকাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
শীর্ষনিউজ