Image description

ইরান যুদ্ধ ও বৈশ্বিক শোধনাগার সংকটের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে। বৃহস্পতিবার এই দাম ৫ ডলার ৭৮ সেন্ট এবং এক বছর আগে ৩ ডলার ৭১ সেন্ট ছিল।

 

ডিজেলের পাশাপাশি দেশটিতে সাধারণ পেট্রোলের গড় দামও বেড়ে প্রতি গ্যালনে ৪ ডলার ১৫ সেন্টে দাঁড়িয়েছে। এক বছর আগেও এই দাম ছিল ৩ ডলার ২০ সেন্ট। কর কাঠামোর ভিন্নতা এবং শোধনাগার থেকে দূরত্বের কারণে ওয়াশিংটনের মতো পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ভোক্তাদের গ্যালনপ্রতি ৬ ডলার ৮১ সেন্ট পর্যন্ত খরচ গুনতে হচ্ছে।

 

ট্রাক, ট্রেন, বাস, জাহাজ, নির্মাণ ও কৃষিতে ব্যবহৃত বাণিজ্যিক পরিবহনের মূল জ্বালানি ডিজেলের মূল্যবৃদ্ধিতে আমেরিকানদের সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

 

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

 

এর সঙ্গে যুক্ত হয়েছে চতুর্থ বছরে পা দেওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রপ্তানিকারক দেশ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলার কারণে ডিজেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভ্যন্তরীণ সংকট এড়াতে রাশিয়া সেপ্টেম্বর পর্যন্ত তাদের ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা বাড়িয়েছে।

অন্যদিকে পরিবহন খরচ বাড়ায় সাধারণ পণ্যের দাম বাড়ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রয়টার্স/ইপসস-এর সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে এবং মাত্র ৩১ শতাংশ আমেরিকান ইরান যুদ্ধকে সমর্থন করছেন।

 

জ্বালানি সংকট সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলার সঙ্গে তেল চুক্তি করেছেন। এর মাধ্যমে আমেরিকানদের জন্য জ্বালানি তেলের দাম দ্রুত কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

চুক্তির আওতায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের সম্ভাবনাময় ১৭টি ক্ষেত্রে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের কথা বলা হয়েছে।

তবে ভেনিজুয়েলার তেল খাতের দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবিলম্বে এই চুক্তির কোনো সুফল যুক্তরাষ্ট্রের নাগরিকরা পাবেন কি না, তা নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, অ্যাক্সিওস