চীন-নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতার মধ্যেই বন্যায় ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সামনে আসে। ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দুই ব্যক্তিকে পানির মধ্য থেকে একটি নারীর মরদেহ কাঠের তক্তা ও তার চুল ধরে টেনে তুলতে দেখা যায়। এরপর তারা নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন। এ সময় আশপাশে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন এবং কেউ কেউ ভিডিও ধারণ করছিলেন।
পরে নেপাল পুলিশ ভিডিওটি পুনরায় প্রকাশ করে জানায়, মৃত নারীর কান থেকে কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিতওয়ান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে ভিডিওটির ঘটনাটি ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মরদেহকে ঘিরে।
ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সী মদন গুরুং এবং ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্কের কাছে তাদের গ্রেপ্তার করা হয়।
নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, এই সংকটপূর্ণ সময়ে দুর্যোগে আক্রান্ত মানুষের সম্পদ লুট করা বা তাদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।